
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নতুন কার্যনির্বাহী পরিষদের (২০২৩-২০২৫ মেয়াদ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শেখ কবির হোসেন। আর সেক্রেটারি জেনারেল (মহাসচিব) নির্বাচিত হয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট কাজী আনিস আহমেদ। তিনি এত দিন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।
আজ মঙ্গলবার সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন কার্যনির্বাহী পরিষদে ভাইস চেয়ারম্যান পদে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিক, যুগ্ম মহাসচিব আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইশতিয়াক আবেদিন ও কোষাধ্যক্ষ পদে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের কে বি এম মঈন উদ্দিন চিশতি নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ কে এম এনামুল হক, সোনারগাঁও ইউনিভার্সিটির নজরুল ইসলাম, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাজী রফিকুল আলম, ব্র্যাক ইউনিভার্সিটির সাদাফ সাজ সিদ্দিকী, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শফিকুল ইসলাম মহিউদ্দিন, কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের চৌধুরী নাফিজ সরাফাত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. সবুর খান, এক্সিম ব্যাংক অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির এ কে এম নুরুল ফজল বুলবুল, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আব্দুল হাই সরকার, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়াদ আহমেদ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, সাউথইস্ট ইউনিভার্সিটির মো. রেজাউল করিম এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কাইয়ূম রেজা চৌধুরী।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির সাবেক উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহর নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করে।