এমবিবিএস–বিডিএস কোর্সে বেসরকারি কলেজের প্রথম ঐচ্ছিক মাইগ্রেশনের ফল প্রকাশ

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের প্রথম ঐচ্ছিক মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে অপেক্ষমাণ তালিকা থেকেও ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। ৫ থেকে ৮ এপ্রিল পর্যন্ত নিজ নিজ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন এসব শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটসমূহে ভর্তিরত শিক্ষার্থীরা দ্বিতীয় ঐচ্ছিক মাইগ্রেশনের জন্য ইচ্ছুক হলে এবং মাইগ্রেশনপ্রাপ্ত ও অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীরা দ্বিতীয় ঐচ্ছিক মাইগ্রেশনের জন্য ইচ্ছুক হলে ভর্তির পর নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ৮ এপ্রিল বিকেল পাঁচটার মধ্যে টেলিটক বাংলাদেশের ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

এতে বলা হয়েছে, মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগপূর্বক ৫ থেকে ৮ এপ্রিলের মধ্যে অবশ্যই মাইগ্রেশন–প্রক্রিয়া অর্থাৎ, বর্তমান ভর্তিকৃত কলেজ হতে মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এ সময়ের মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ থেকে তাঁর ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। ঐচ্ছিক মাইগ্রেশন–প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থী মাইগ্রেশনের জন্য আবেদনকৃত কোনো কলেজে আসন বরাদ্ধপ্রাপ্ত হলে ওই শিক্ষার্থীকে পূর্বতন মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটের কর্তৃপক্ষ ভর্তির সময় শিক্ষার্থী কর্তৃক দাখিলকৃত মূল সনদপত্র ও অন্যান্য দলিলাদির সঙ্গে শিক্ষার্থী হতে গৃহীত এক লক্ষ টাকা ফেরত প্রদান করবে।

অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, ভর্তির শেষ তারিখ ৮ এপ্রিল অফিস চলাকালীন সময় পর্যন্ত। অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি নির্বাচিত ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্রের সঙ্গে দাখিলকৃত সব মূল সনদপত্র যাচাইপূর্বক অবশ্যই জমা রাখবে। অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক গঠিত মেডিক্যাল বোর্ড ভর্তির পূর্বে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবে। এসব নিয়মাবলি সম্পাদনের পর যোগ্য প্রার্থীদেরকে সাময়িকভাবে ভর্তি করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে পূরণ করা আবেদন ফরমে প্রদত্ত ছবি ও প্রবেশপত্রের ছবি একই রূপ হতে হবে। অনলাইন আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির স্বপক্ষে পরীক্ষার্থী কর্তৃক প্রমাণক প্রদানে ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রতীয়মান হলে যেকোনো সময় তাঁর ভর্তি বাতিল করা হবে; এ ছাড়া ভর্তিপরবর্তী সময়ে যদি কোনো শিক্ষার্থীর দাখিল করা দলিলাদির মধ্যে ভুলত্রুটি পরিলক্ষিত হয়, তবে তাঁর ভর্তি বাতিল হবে এবং উভয় ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে। কোনো অবস্থাতেই কোনো শিক্ষার্থী হতে সরকার কর্তৃক নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।

*ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র হলো—

(ক) ২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র

(খ) শিক্ষার্থীয় বর্ণিত এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার রেজাল্টের কপি

(গ) এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড

(ঘ) এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র

ঙ) এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল সনদপত্র/প্রশংসা পত্র

(চ) এ লেভেল/ ও লেভেল পরীক্ষায় পাশকৃত প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নম্বর সমতাকরণ পত্র

(ছ) নাগরিকত্বের সনদপত্র/জন্মনিবন্ধন সনদের কপি

(জ) চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি

*বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন