ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ মাইগ্রেশনের ফল ও বিষয় বরাদ্দ প্রকাশ, শিক্ষার্থীদের জন্য ৪ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে নতুনভাবে দেওয়া হয়েছে বিষয় মনোনয়নও। বিষয় পরিবর্তন বা মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের জন্য চার দফা নির্দেশনা দেওয়া হয়েছে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় বিশেষ মাইগ্রেশন–সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। যেসব শিক্ষার্থীর বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তন হয়েছে অথবা নতুনভাবে যাঁরা বিষয় মনোনয়ন পেয়েছেন, তাঁদের জন্য চারটি নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো—

১. নতুনভাবে বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের কেন্দ্রীয় ভর্তি ফি পরিশোধ করতে হবে।

২. যেসব শিক্ষার্থীর বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তন হয়েছে, তাঁদের নতুন বিভাগের প্রযোজ্য ভর্তি ফি পরিশোধ করতে হবে।

৩. আগামীকাল বুধবার থেকে ৩০ এপ্রিলের মধ্যে সব প্রযোজ্য ভর্তি ফি অনলাইনে পরিশোধ করতে হবে এবং ফি পরিশোধের পর সংশ্লিষ্ট ডিন অফিসে সশরীর উপস্থিত হয়ে নির্ধারিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

৪. বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা জানতে সংশ্লিষ্ট ইউনিটের নোটিশ সেকশন পরিদর্শনের জন্য অনুরোধ করা হলো।

এর আগে নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনের মাধ্যমে ২২ এপ্রিল পর্যন্ত আবেদন করার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।