অলংকরণ: এস এম রাকিবুর রহমান
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

এসএসসি পরীক্ষা ২০২৬: পরীক্ষা চলাকালে ৩০টি সতর্কতা মেনে চলো

পরামর্শ

এসএসসি পরীক্ষা প্রত্যেক শিক্ষার্থীর জীবনের  গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষা শুরু হয়েছে ২১ এপ্রিল থেকে। বাকি পরীক্ষা নিয়ে তোমাদের মনে মানসিক দুশ্চিন্তাও ঘোরাঘুরি করছে। এ সময়ে তোমরা কোনো রকম দুশ্চিন্তা মনে স্থান দেবে না। তোমরা সারা বছর যা পড়েছ, তা–ই রিভিশন দাও।

মানসিক চাপে পড়বে না

পরীক্ষা মানেই মানসিক চাপ। পরীক্ষা মানেই অহেতুক দুশ্চিন্তা! একজন শিক্ষার্থী হিসেবে তুমি সারা বছর কমবেশি পড়াশোনা করেছ।

তাই তোমার পরীক্ষা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।

১. নিজের প্রস্তুতির ওপর বিশ্বাস রাখবে।

২. কোনো বিষয়ে সমস্যা হলে পরিবারের সঙ্গে কথা বলো।

৩. নিজে নিজে অল্প সময় নিয়ে একটু হাঁটো।

৪. কেউই ১০০% সঠিক নয়, যেকোনো বিষয়ে তুমি স্থিতিশীল থাকার চেষ্টা করো।

৫. তোমার পরীক্ষা, তাই তোমার মনে আত্মবিশ্বাস থাকতে হবে।

পড়ার সময় বদলিয়ে নাও

১. পরীক্ষার আগের রাতে তোমার ঘুম কমাবে না, ঠিকমতো ঘুমাতে হবে।

২. ঘুম ঠিকমতো হলেই তোমার মস্তিষ্কের সংরক্ষণটা ভালো হবে। প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম জরুরি।

৩. ঘুম মানেই মস্তিষ্কের বিশ্রাম।

৪. এখন দুপুরে বেশ গরম। তাই পড়ার সময় বদলিয়ে নিতে পারো।

৫. সকালে তাপমাত্রা কম থাকে, তাই  সকালবেলায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো রিভিশন দাও।

৬. রাতে তাপমাত্রা কম থাকে, তাই বাকি দরকারি বিষয়গুলো তখন পড়ে নাও।

দিনের পরিকল্পনা

পরীক্ষার দিনের শুরুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দিনের কাজগুলো ঠিকভাবে করতে হবে।

যা তুমি করবে—

১. পরীক্ষার আগের দিন রাতেই প্রবেশপত্র, কলম, স্কেল ও বোর্ড গুছিয়ে রাখবে।

২. পরীক্ষার দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে।

৩. পরিমিত নাশতা করে নেবে।

৪. হাতে পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষার কেন্দ্রে রওনা দেবে, যাতে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে পারো।

রিভিশন দেওয়া বেশি গুরুত্বপূর্ণ

১. কেউ কেউ মনে করে পরীক্ষা চলছে, এখন বেশি বেশি পড়া উচিত। একদম তা করবে না।

২. পরীক্ষার আগের রাতে সব পড়ে আয়ত্ত করে ফেলবে, এটা পারবে না।

৩. শেষ সময়ে নতুন কোনো কিছু পড়বে না, মনে চাপ বাড়বে।

৪. তুমি সারা বছর যা পড়েছ, তা–ই মনোযোগসহকারে রিভিশন দাও।

৫. প্রয়োজনে টুকটাক কিছু নোট করে রাখতে পারো।

খাও পুষ্টিকর খাবার

পরীক্ষার এ সময়ে তোমার দরকার পুষ্টিকর খাবার। তোমার শরীরে কখনো পানিশূন্যতা হওয়া চলবে না।

 তাই যা তুমি করবে—

১. পরীক্ষার সময় খাবারে অনিয়ম বা কম খাবে না, এতে শরীরে পুষ্টি কম পাবে।

২. আবহাওয়া অনেক গরম। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে।

৩. রাত বেশি জাগার জন্য চা বা কফি কম খাবে।

৪. টাটকা ফল, দেশি শাকসবজি ও আমিষযুক্ত খাবার খাবে।

৫. চর্বিজাতীয় খাবার কম খাবে।

ছোট ছোট বিষয়ে নজর দাও

পরীক্ষার হলে ছোট ছোট বিষয়ে ভুল হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে। তাই সেসব ছোট ছোট বিষয়ে নজর দিলে তা সহজেই ঠিক করে নিতে পারবে।

যা তুমি করবে—

১. পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেলে পুরোটা মনোযোগসহকারে একবার পড়ে নেবে।

২. কোন প্রশ্ন কতটা সময় নিয়ে লেখবে, আগেই তা ঠিক করে নাও।

৩. যে প্রশ্নের উত্তর তোমার কাছে সহজ, তা আগে উত্তর লেখবে।

৪. প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করবে।

৫. উত্তর লেখা শেষে পুরো খাতা রিভিশন দিতে ভুলবে না।

  • খন্দকার আতিক, িশক্ষক
    উইল্‌স লিট্‌ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা