উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৬–এর ফরম পূরণে আবার সুযোগ দেওয়া হয়েছে। বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে ২৫ জুন পর্যন্ত।
গতকাল সোমবার (২২ জুন ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ এবং ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ ২৫ জুন রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হলো। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এ ফি দিতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে। ২০২৫ সালে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৭৮৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ২২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছিল। সে হিসাবে গত বছরের থেকে এইচএসসির ফরম পূরণের ফি বেড়েছে ২১০ টাকা।