
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার থেকে। এবারের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা ২৯ থেকে ৩১ মে পর্যন্ত এ, বি ও সি —তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। এ বছর বিশেষ কোটাসহ মোট ৪ হাজার ৪৬৭টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ৫৯১টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে।
গত শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া পরীক্ষায় জালিয়াতি বা অসদুপায় ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি মাঠে কাজ করবে চার স্তরের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।
ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকক্ষের বাইরে যেতে পারবেন না। পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে রাখা যাবে না। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষা ভবনের গেট এবং ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষের প্রবেশ গেট খুলে দেওয়া হবে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চারটি পালায় অনুষ্ঠিত হবে।