স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে ২৪ ও ২৫ মে

স্থগিত এসএসসি পরীক্ষা হতে পারে ২৪ ও ২৫ মে
 ছবি: দীপু মালাকার

ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা এ মাসের ২৪ ও ২৫ তারিখ হতে পারে বলে জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় উপ কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। আজ সোমবার সন্ধ্যায় মুঠোফোনে তপন কুমার সরকার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

এর আগে আজ সকালে রাজধানীর সরকারি টিচার ট্রেনিং কলেজে এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে চলমান তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হওয়ার পর।

এসএসসি পরীক্ষা

গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সময়সূচি অনুযায়ী ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিলের (ভোকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হবে ২৩ মে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ মে। এবার এসব পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী পৌনে ২১ লাখ। তবে তাদের মধ্যে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

ঘূর্ণিঝড় মোখার কারণে গতকাল চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর আজ অনুষ্ঠেয় দেশের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।