পরামর্শ
প্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিষয়ে পরীক্ষাটি বেশ গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য থাকছে কীভাবে পরীক্ষায় ভূগোল ও পরিবেশ বিষয়ে ভালো নম্বর পাওয়া যায়, তার কৌশল জেনে নাও।
নম্বর বিভাজন
∎ বহুনির্বাচনি প্রশ্ন
# বহুনির্বাচনি অংশে ৩০টি প্রশ্নটি থাকবে।
# সব কটি প্রশ্নের উত্তর দিতে হবে।
# নম্বর থাকবে ১x৩০ করে মোট ৩০ নম্বর।
∎ সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন
# সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন অংশে ১৫টি প্রশ্নথাকবে।
# উত্তর দিতে হবে ১০টি প্রশ্নের।
# নম্বর থাকবে ২x১০ অর্থাৎ ২০ নম্বর।
# প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ থাকবে
২ নম্বর করে।
∎ সৃজনশীল প্রশ্ন
# সৃজনশীল অংশে প্রশ্ন থাকবে ৮টিথাকবে।
# ৮টি প্রশ্ন থেকে যেকোনো ৫টি প্রশ্নের উত্তর
দিতে হবে।
# নম্বর থাকবে ৫x১০ করে মোট ৫০ নম্বর।
∎ পাঠ্যবইকে গুরুত্ব দাও
এবার নির্ধারিত সিলেবাসের ওপর ভিত্তি করে তোমাদের এসএসসি পরীক্ষা হবে। ভূগোল ও পরিবেশ বিষয় কিন্তু অনেক তথ্যভিত্তিক, সিলেবাসও বেশ বড়। মনোযোগ দিয়ে বুঝে পড়লেই ভালো নম্বর পাওয়া সম্ভব। সঠিক প্রস্তুতিই তোমাকে সৃজনশীল প্রশ্ন সহজে বুঝতে এবং বহুনির্বাচনি অংশে অধিক নম্বর তুলতে সহায়তা করবে।
∎ বহুনির্বাচনি অংশ
বহুনির্বাচনিতে ভালো করতে নির্ধারিত অধ্যায়গুলো খুব ভালোভাবে রিভিশন দেবে। প্রতিটি অধ্যায়ে অনেক নাম, উচ্চতা, উৎপত্তি স্থান, অক্ষাংশ-দ্রাঘিমাংশসহ বিভিন্ন বিষয়ে মনে রাখতে হবে। শিলা, বায়ুপ্রবাহ, বায়ু অধ্যায়ের বহুনির্বাচনিতে ভালো করলেই সহজে বেশি নম্বর উঠবে। বহুনির্বাচনি অংশে প্রশ্নের উত্তর তোমাকে খুব বুঝে করতে হবে। এটাই তোমার জিপিএ বাড়াতে সহায়তা করবে।
∎ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
সংক্ষিপ্ত উত্তর–প্রশ্নে ভালো করতে অধ্যায়গুলো ভালো করে রিভিশন দেবে। প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে লিখবে। প্রশ্নে বলতে কী বোঝো, কাকে বলে, সংজ্ঞা লোখো—তা ঠিক করে লিখবে। প্রতিটি প্রশ্নের উত্তরে নম্বর ২ করে, তাই উত্তর ভালো করে লিখতে হবে।
∎ সৃজনশীল অংশ
সৃজনশীল অংশের প্রশ্নের উত্তর চার ধাপে সঠিক পদ্ধতি অনুসরণ করে লিখবে। প্রতিটি প্রশ্ন জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা অংশে ভাগ থাকবে। তবে উত্তর লেখার সময় মাথায় রাখবে যাতে নির্দিষ্ট সময়ের লেখা শেষ হয়। উত্তরে কোনো ধরনের অপ্রাসঙ্গিক কিছু লিখবে না।
∎ সময়কে কাজে লাগাও
সময়কে কাজে লাগানোর এখনই উপযুক্ত সময়। পরীক্ষার আগে সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, রিভিশন দাও, দেখবে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।
∎ আঁকাগুলো অভ্যাস করো
ভূগোল ও পরিবেশের ক্ষেত্রে ছবি আঁকার একটা ব্যাপার থাকে। অনেক সময় ছবির কথা বলা হয় না, কিন্তু তোমাকে বুদ্ধি করে ছবিটা আঁকতে হবে। এতে তোমার নম্বর বাড়বে। তাই বাড়িতে ছবিগুলো ঘড়ি ধরে সুন্দর করে আঁকতে চেষ্টা করো। এটা তোমাকে পরীক্ষায় বেশি নম্বর তুলতে সহায়তা করবে।
∎ রিভিশন দাও
লেখা শেষে অবশ্যই পুরো খাতা ভালো করে রিভিশন দেবে। রিভিশন দিলেই চোখে পড়বে পরীক্ষার খাতায় কোনো ভুল আছে কি না। আর ভুল থাকলে তা সহজেই ঠিক করতে পারবে। তাই রিভিশনের বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ।
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা