দাখিলের ফলাফল আজ, মুঠোফোনে ফল পেতে করতে হবে প্রি-রেজিস্ট্রেশন

এইচএসসি ও সমমানের পরীক্ষা
ফাইল ছবি

দাখিল পরীক্ষার ফল আজ শুক্রবার (২৮ জুলাই) প্রকাশ করা হবে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করবেন। এরপর বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

নিয়মানুযায়ী, শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল তুলে দেওয়ার পর শিক্ষামন্ত্রী বিস্তারিত ফলাফল তুলে ধরবেন। শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টায় ফলাফল পেয়ে যাবে।

ফলাফল যেভাবে পাবে শিক্ষার্থীরা

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘২৮ জুলাই সকাল সাড়ে ১০টায় নিজ নিজ প্রতিষ্ঠান ও অনলাইনে দাখিলের ফলাফল একযোগে প্রকাশিত হবে। প্রতিষ্ঠানগুলোর রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

*www.bmeb.gov.bd -এর রেজাল্ট কর্নারে দাখিল পরীক্ষা-২০২৩-এ ক্লিক করে জেলার কেন্দ্রভিত্তিক মাদ্রাসার রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

*www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করতে হবে।

* যারা এসএমএসে ফলাফল পেতে ইচ্ছুক, তাদের প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। এ ক্ষেত্রে Dakhil Board Name (First 3 Letter) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: Dakhil স্পেস Mad স্পেস 123456 স্পেস 2023Send to16222। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মুঠোফোন নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।

গত ৩০ এপ্রিল শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। সময়সূচি অনুযায়ী ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিলের (ভোকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৩ মে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে একাধিক বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষা শেষ হওয়ার তারিখও কয়েক দিন পিছিয়ে যায়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি।