
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে এ বছরসহ দ্বিতীয়বারের মতো স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা শেষ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বি ইউনিটের পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৭৮ দশমিক ১৩ এবং সি ইউনিটে উপস্থিতি ছিল ৮০ দশমিক ৫৪ শতাংশ।
গতকাল শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বি ইউনিট এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা অবধি সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর কুমিল্লার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) এ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এ ইউনিটের ভর্তি পরীক্ষার উপস্থিতির হার ছিল ৬৭ দশমিক ৪২।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ বছর বি ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ৩৯০টি আসনের বিপরীতে ৩৭ হাজার ৬১৪ জন আবেদনকারী ছিলেন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৯ হাজার ৩৮৯ জন। ফলে উপস্থিতির হার ৭৮ দশমিক ১৩। এর মধ্যে কুমিল্লা অঞ্চলের ২৪ হাজার ৯৯১ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ১৯ হাজার ১০৭ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার ৬২৩ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ২৮২ জন।
এদিকে সি ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২০০টি আসনের বিপরীতে ১২ হাজার ৮৩০ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ৩৩৩ জন। ফলে এখানে উপস্থিতির হার ৮০ দশমিক ৫৪। এর মধ্যে কুমিল্লা অঞ্চলে ৯ হাজার ৯৬৯ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৯৯১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮৬১ জনের পরিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ৩৪২ জন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাসুদা কামাল বলেন, ‘গতবারের মতো এবারও আমরা স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করেছি। এবার কুমিল্লার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সবার সহযোগিতায় বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া আমরা সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, করোনা মহামারির সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু করে। এক বছর পর থেকে বিষয়টিতে বিভিন্ন আপত্তি আসতে শুরু করে। এরপর গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দ্বিতীয়বারের মতো স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।