প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫। প্রাথমিক বিজ্ঞান

সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৮টি, মোট নম্বর ১৬

প্রাথমিক বিজ্ঞান: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন

প্রশ্ন: খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যে পার্থক্য কী?

উত্তর: একাধিক খাদ্যশৃঙ্খল একত্র হয়ে খাদ্যজাল তৈরি করে। বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তিপ্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্যশৃঙ্খল।

প্রশ্ন: বীজের বিস্তরণ বলতে কী বোঝো?

উত্তর: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ।

প্রশ্ন: উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে?

উত্তর: উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু থেকে কার্বন ডাই–অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে।

প্রশ্ন: খাদ্যশৃঙ্খল কী?

উত্তর: বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তিপ্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্যশৃঙ্খল।

প্রশ্ন: খাদ্যজাল কীভাবে তৈরি হয়?

উত্তর: একাধিক খাদ্যশৃঙ্খল একত্র হয়ে তৈরি
করে খাদ্যজাল।

প্রশ্ন: বাস্তুসংস্থান কী?

উত্তর: কোনো স্থানের সব জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান।

প্রশ্ন: খাদ্যশৃঙ্খলের শুরু কোথা থেকে?

উত্তর: সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্যশৃঙ্খল শুরু।

প্রশ্ন: পরিবেশদূষণ বলতে কী বোঝো?

উত্তর: বেঁচে থাকার জন্য পরিবেশকে নানাভাবে ব্যবহার করা হয়। ফলে পরিবেশে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। এই পরিবেশ যখন জীবের জন্য ক্ষতিকর, তখন তাকে পরিবেশদূষণ বলে। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশে পরিবেশকে দূষিত করে।

প্রশ্ন: বায়ুদূষণের ফলে কী হয়?

উত্তর: বায়ুদূষণের ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। যেমন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, অ্যাসিড বৃষ্টি হয়। এ ছাড়া মানুষ ফুসফুসের ক্যানসার, শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।

প্রশ্ন: পরিবেশদূষণগুলো কী কী?

উত্তর: চার ধরনের পরিবেশদূষণ হলো—

১. বায়ুদূষণ, ২. পানিদূষণ, ৩. মাটিদূষণ ও

৪. শব্দদূষণ।

প্রশ্ন: পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লেখো।

উত্তর: পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় হলো—

১. প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমানো।

২. গাড়ির ধেঁায়া নিয়ন্ত্রণ করা, গাড়ি কম ব্যবহার করে হাঁটার অভ্যাস করা।

৩. কলকারখানার বর্জ্য, রাসায়নিক পদার্থ ইত্যাদি পরিশোধন করে বাইরে ফেলতে হবে।

৪. ময়লা–আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা।

৫. জনসচেতনতা বৃদ্ধি করা।

প্রশ্ন: পরিবেশ সংরক্ষণ কী?

উত্তর: প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও যথাযথ ব্যবহারই হলো পরিবেশ সংরক্ষণ।

প্রশ্ন: পরিবেশ সংরক্ষণের দুটি উপায় লেখো।

উত্তর: পরিবেশ সংরক্ষণের দুটি উপায় হলো—

১. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম করা ও ২. ময়লা–আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা।

প্রশ্ন: মাটিদূষণের দুটি কারণ লেখো।

উত্তর: মাটিদূষণের দুটি কারণ হলো—

১. কৃষিকাজে জমিতে সার ও কীটনাশকের ব্যবহার এবং ২. গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য।

প্রশ্ন: পানিচক্র কী?

উত্তর: যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে, তা–ই পানিচক্র।

প্রশ্ন: পানিদূষণ প্রতিরোধের তিনটি উদাহরণ দাও।

উত্তর: পানিদূষণ প্রতিরোধের তিনটি উদাহরণ নিচে দেওয়া হলো:

১. জমি চাষের ক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে ফেলা। ২. পানিতে ময়লা–আবর্জনা ও রাসায়নিক বর্জ্য না ফেলা।

৩. মরা জীবজন্তু পানিতে না ফেলা।

প্রশ্ন: অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় লেখো।

উত্তর: অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় নিচে দেওয়া হলো—

১. ছাঁকন ২. থিতানো ৩. ফোটানো ৪. রাসায়নিক প্রক্রিয়ায় বিশুদ্ধকরণ।

প্রশ্ন: পানির তিনটি অবস্থা কী কী?

উত্তর: পানির তিনটি অবস্থা হলো—কঠিন, তরল ও বায়বীয়।

প্রশ্ন: উদ্ভিদ ও মানবদেহের মধ্যে কত ভাগ পানি রয়েছে?

উত্তর: উদ্ভিদের দেহের প্রায় ৯০ ভাগ ও মানবদেহের ৬০–৭০ ভাগ পানি রয়েছে।

প্রশ্ন: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখো।

উত্তর: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় হলো—

১. গাড়ি ব্যবহারের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করা। ২. যেখানে–সেখানে ময়লা–আবর্জনা না ফেলা। ৩. গাছ লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টি করা।

প্রশ্ন: বায়ুদূষণের কারণ কী?

উত্তর: মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ুদূষণের একটি বড় কারণ। যেমন মানুষ কলকারখানা ও যানবাহন চালাতে জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছে। এর ফলে বায়ুতে বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গত হচ্ছে, যা বায়ুকে দূষিত করছে।

  • এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক
    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা