বাংলা ২য় পত্র: পরামর্শ
প্রিয় পরীক্ষার্থী, বাংলা দ্বিতীয় পত্রে বেশি নম্বর কীভাবে পাওয়া যায়, আজ সে বিষয়ে আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্রে মোট ১০০ নম্বর। ব্যাকরণ অংশে ৩০ ও রচনামূলক অংশে ৭০ নম্বর।
বহুনির্বাচনি প্রশ্ন: নম্বর ৩০
# উত্তর করতে হবে ৩০টির
বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৩০টি, উত্তর করতে হবে ৩০টির অর্থাৎ সব কটি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করতে হবে। থাকবে ৩০ নম্বর। এনসিটিবির নির্ধারিত বাংলা ভাষার ব্যাকরণ পাঠ্যবই থেকেই বহুনির্বাচনি প্রশ্নগুলো হবে।
রচনামূলক প্রশ্ন: নম্বর ৭০
∎ অনুচ্ছেদ রচনা: নম্বর ১০
# উত্তর করতে হবে ২টি থেকে ১টির
যেকোনো একটি বিষয় সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে হবে। ওই বিষয়ের সামগ্রিক পরিচিতিমূলক তথ্য একটি প্যারায় বা অনুচ্ছেদে লিখতে হবে। কোনো ব্যাখ্যা-বিশ্লেষণ বা অপ্রাসঙ্গিক কোনো তথ্য লেখার দরকার নেই। বিষয়টি কী, এর পরিপ্রেক্ষিত কী, কীভাবে উত্পত্তি হলো, এর বিষয়বস্তু, প্রয়োজনীয়তা, আমাদের জীবনে এর প্রভাবের প্রাসঙ্গিক তথ্য দিয়ে একটি প্যারা বা অনুচ্ছেদ লিখতে হবে। একাধিক প্যারা না করাই ভালো। অনুচ্ছেদের ভাষা হবে সহজ–সরল।
∎ চিঠিপত্র: নম্বর ১০
# উত্তর করতে হবে ২টি থেকে ১টির
এসএসসি পরীক্ষায় সাধারণত ব্যক্তিগত পত্র, ব্যবসায়িক পত্র, আবেদনপত্র, সংবাদ প্রতিবেদন ইত্যাদি থেকে যেকোনো দুই ধরনের পত্র থাকে, যার মধ্যে একটির উত্তর লিখতে বলা হয়। প্রতিটি পত্রেরই নিয়মকানুন আলাদা, যেমন—
ব্যক্তিগত পত্র: একান্ত ব্যক্তিগত বা জাতীয় গুরুত্বপূর্ণ যেকোনো বিষয় নিয়ে মা–বাবা, ভাইবোন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের কাছে যে পত্র লেখা হয়, সেটিই ব্যক্তিগত পত্র। অর্থাৎ লেখার ক্রম অনুসারে ব্যক্তিগত পত্রের পাঁচটি অংশ থাকে।
যা মনে রাখতে হবে—
১. প্রথমেই পত্রের ওপরে ডান দিকে পত্র লেখার তারিখ ও প্রেরকের সংক্ষিপ্ত ঠিকানা।
২. পত্রের শুরুতেই প্রাপকের উদ্দেশে সম্বোধন।
৩. মূল চিঠি/পত্রগর্ভ।
৪. পত্রের শেষে নিচে ডান দিকে বিদায় সম্ভাষণ।
৫. শিরোনাম/খাম।
অনেকেরই একটা ভুল ধারণা, শুধু খাতার বাঁ পৃষ্ঠা থেকে পত্র লিখতে হয়। আসলে যেকোনো জায়গা থেকেই পত্র লেখা শুরু করা যায়। মূলত ২–৩ পৃষ্ঠার মধ্যে ভালো একটি ব্যক্তিগত পত্র লিখতে পারো।
∎ সংবাদ প্রতিবেদন : নম্বর ১০
# উত্তর করতে হবে ২টি থেকে ১টির
ইংরেজি ‘Report writing’-এর পারিভাষিক রূপ ‘সংবাদ প্রতিবেদন’। আমাদের চারপাশে ঘটে যাওয়া কোনো ঘটনা, বিষয় বা প্রসঙ্গ সম্পর্কে নিরপেক্ষভাবে তথ্যমূলক বিবৃতি লিখনকেই বলে প্রতিবেদন লিখন।
সংবাদ প্রতিবেদন কী: সাধারণত নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা, কোথাও ঘটে যাওয়া জাতীয় গুরুত্বপূর্ণ কোনো ঘটনা, দুর্ঘটনা বা বিষয় বা প্রসঙ্গ সম্পর্কে তথ্যমূলক বিবৃতি তুলে ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাই সংবাদ প্রতিবেদনের লক্ষ্য। এ ক্ষেত্রে একজন রিপোর্টার হিসেবে সংবাদপত্রে প্রকাশ উপযোগী করে এ ধরনের প্রতিবেদন লিখতে হয়। সংবাদ প্রতিবেদন লিখতে সম্পাদকের কাছে কোনো আবেদনপত্র লিখতে হয় না। শিরোনাম লিখে এরপর ডেটলাইন (নিজস্ব প্রতিবেদক, তারিখ, স্থান) লিখতে হয় এবং মূল প্রতিবেদন।
যে বিষয় সম্পর্কে প্রতিবেদন লিখতে বলা হয়, প্রথমেই সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। প্রতিবেদন লেখার মূলকথা হলো তথ্য, তথ্য ও তথ্য। এরপর সেসব তথ্য যাচাই–বাছাই শেষে ‘5W1H Formula’ ব্যবহার করে প্রতিবেদনের প্রথম প্যারা লিখতে পারলে সবচেয়ে ভালো। অর্থাৎ W= What, W= Where, W= When, W= Who, W= Why ও H= How–এই প্রশ্নগুলোর উত্তর একত্র করে প্রথম প্যারা এবং পরে এই তথ্যগুলো অন্যান্য প্যারায় লিখতে পারো।
∎ সারাংশ বা সারমর্ম লিখন: নম্বর ১০
# উত্তর করতে হবে ২টি থেকে ১টির
সাধারণত গদ্যে লিখিত কোনো উদ্ধৃতির মূলভাব লিখনকে সারাংশ বলে। আর কবিতায় লিখিত কোনো উদ্ধৃতির মূলভাব লিখনকে সারমর্ম বলে। সারাংশের জন্য প্রদত্ত উদ্ধৃতিতে সাধারণত মূলভাব প্রকাশিতই থাকে এবং সঙ্গে বিভিন্ন যুক্তিতর্ক, উদাহরণ, উপমা, দৃষ্টান্ত ইত্যাদি উল্লিখিত থাকে। আর সারমমে৴র জন্য প্রদত্ত উদ্ধৃতিতে সাধারণত মূলভাবটি লুকায়িত থাকে। সারমর্ম লেখার সময় কবির অন্তরে লুকিয়ে থাকা ওই গোপন কথাটি, অর্থাৎ মূলভাবটি খুঁজে বের করতে হয়।
যা মনে রাখতে হবে—
১. সারাংশ/সারমর্মের আয়তন ২/৩ বাক্যের বেশি হবে না।
২. সারাংশ/সারমর্মে সব প্রকার বাহুল্য বাদ দিতে হয়।
৩. কোনোক্রমে একই ভাবের পুনরাবৃত্তি করা যাবে না।
৪. সারাংশ/সারমর্ম লিখনের উদ্দেশ্য মূল সুরটি ধরতে পারা এবং অল্প কথায় সঠিক শব্দ ব্যবহার করে মূলকথা তুলে ধরা।
∎ ভাবসম্প্রসারণ লিখন: নম্বর ১০
# উত্তর করতে হবে ২টি থেকে ১টির
চিন্তাশীল কবি-সাহিত্যিকদের কোনো কোনো উক্তির মধ্যে গভীর কোনো ভাব নিহিত থাকে। ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে এ ভাবকে সহজবোধ্য করাই ভাবসম্প্রসারণ। যা মনে রাখতে হবে—
১. যে উক্তি বা অংশের ভাবসম্প্রসারণ করতে হবে।
২. যুক্তিতর্কের মাধ্যমে ভাবটিকে বিশ্লেষণ করতে হবে।
৩. কথার পুনরাবৃত্তি করবে না।
৪. রচনা সহজ, সরল ও সহজবোধ্য করতে হবে।
৫. ভাবটি সম্প্রসারিত হওয়ামাত্রই উত্তর শেষ করবে।
∎ প্রবন্ধ/রচনা: নম্বর ২০
# উত্তর করতে হবে ৩টি থেকে ১টির
একটি বিষয়ের ওপর প্রবন্ধ লিখতে হবে। কোনো সংকেত দেওয়া থাকবে না। তোমার সুবিধা অনুযায়ী সংকেত ব্যবহার করে প্রবন্ধটি লিখতে পারো। মনে রেখো, ‘রচনা লিখন’ ও ‘প্রবন্ধ লিখন’–এর মধ্যে অনেক পার্থক্য। অষ্টম শ্রেণি পর্যন্ত লিখতে হয় রচনা, এসএসসি-এইচএসসিতে লিখতে হয় প্রবন্ধ। অর্থাৎ তথ্যমূলক, জ্ঞানগর্ভ, যুক্তিগ্রাহ্য বক্তব্যের সাহায্যে প্রকৃষ্টরূপে বন্ধনকৃত রচনােক বলা হয় প্রবন্ধ। সাধারণত কয়েকটি বিশেষ দিক থেকে প্রবন্ধ লিখতে বলা হয়, যেমন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক, চিন্তামূলক, সমস্যা ও প্রতিকারবিষয়ক, ঋতু ও প্রকৃতিবিষয়ক, ইতিহাস-ঐতিহ্যবিষয়ক, সমসাময়িক ঘটনাপ্রবাহবিষয়ক ইত্যাদি। এ বিষয়গুলোর ওপর ভালো দখল থাকলে তুমি ভালো একটি প্রবন্ধ লিখতে পারবে। প্রবন্ধে প্রয়োজনমতো শিরোনামও দেওয়া যাবে, প্যারাও করা যাবে।
মো. হুমায়ূন কবীর, প্রভাষক
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা