জরিপের তথ্য

৫ থেকে ১৬ বছর বয়সী ১০ শতাংশ ছেলে বাংলায় বর্ণ পড়তে পারে না

৫ থেকে ১৬ বছর বয়সী দেড় হাজারের বেশি শিশুর ওপর পরিচালিত এক জরিপের তথ্য বলছে, ১০ শতাংশের বেশি ছেলে এবং প্রায় ৯ শতাংশ মেয়ে বাংলায় বর্ণ পড়তে পারেনি। ইংরেজিতে এই হার আরও বেশি। এ ছাড়া বাংলায় গল্প পড়তে পারেনি প্রায় ৬২ শতাংশ ছেলে ও ৫৩ শতাংশ মেয়ে।

বেসরকারি সংগঠন ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে ‘নাগরিক কর্তৃক মূল্যায়ন’ নামে এই জরিপ করা হয়েছে। কোনো না কোনো সময় বিদ্যালয়ে পড়ুয়া ৭৫১ ছেলে ও ৭৮২ মেয়েশিশুর ওপর জরিপটি করা হয়েছে। তবে এটি বিদ্যালয়ভিত্তিক শিক্ষার্থীদের জরিপ নয়। ৫ থেকে ১৬ বছর বয়সী প্রান্তিক শিশুদের বাড়িতে গিয়ে এই মূল্যায়ন করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির বইয়ের বিষয়বস্তুর ভিত্তিতে জরিপটি করা হয়।

আজ বুধবার রাজধানীর মিরপুরে ইউসেপের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে জরিপের ফলাফল তুলে ধরা হয়। ‘এডুকেশন আউট লাউড’ প্রকল্পের মাধ্যমে এই জরিপ করা হয়েছে। প্রকল্প ও জরিপের ফলাফল উপস্থাপন করেন প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক লিপি আমেনা ও প্রকল্প কর্মকর্তা তুলিকা সরকার। পরে এই দুজনের সঙ্গে কথা বলে এবং সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

জরিপের তথ্য বলছে, ইংরেজিতে বর্ণ পড়তে পারেনি ১৬ দশমিক ৭৮ শতাংশ ছেলে এবং ১৫ দশমিক ২২ শতাংশ মেয়ে। ইংরেজিতে গল্প পড়তে পারেনি প্রায় ৮৫ শতাংশ ছেলে ও প্রায় ৮৩ শতাংশ মেয়ে। অন্যদিকে গণিতে একক অঙ্ক শনাক্ত করতে পারেনি ১৪ দশমিক ১৯ শতাংশ ছেলে এবং ১৩ শতাংশ মেয়ে। আর ভাগ করতে পারেনি প্রায় ৯৬ শতাংশ ছেলে এবং ৯৭ শতাংশের বেশি মেয়ে।

জরিপ প্রতিবেদনে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষার্থী অনুপাতে শিক্ষকসংখ্যা বাড়ানো, শ্রেণির পড়া শ্রেণিতেই সম্পন্ন করা, শিক্ষকদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ কয়েকটি সুপারিশ করা হয়েছে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী ‘শিক্ষার্থীদের শিখন স্তরের বর্তমান অবস্থা ও শিক্ষার গুণগত মান অর্জন’ শীর্ষক আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। বক্তব্য দেন ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলীসহ আরও কয়েকজন।