
জার্মান শিশুরা অন্য ইউরোপীয় শিশুদের তুলনায় পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। বিশেষ করে ফোর্থ গ্রেডের শেষে (শিশুদের গড় বয়স তখন ১০ বছর) এই পিছিয়ে পড়া লক্ষ করা গেছে। এক সমীক্ষা অনুযায়ী, ২০ বছর ধরে এ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
সমীক্ষা ঠিক কী বলছে
২০২১ সালের প্রোগ্রেস ইন ইন্টারন্যাশনাল রিডিং লিটারেসি স্টাডির (পিআইআরএলএস) আন্তর্জাতিক সমীক্ষা বলছে, ২৫ শতাংশ জার্মান শিশু পড়ার ক্ষেত্রে ন্যূনতম স্তরে পৌঁছাতে পারেনি। এর ফলে তারা পরে একাডেমিক চ্যালেঞ্জ কী করে পূরণ করবে, সেটিই এখন চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দেশটির জন্য। দেশটির শিক্ষা কর্মকর্তারা বলেছেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক।
জার্মানির শিশুদের পড়ার ক্ষেত্রে স্কোর হলো ৫২৯। ২০০১ সালে ছিল ৫৩৯। ২০১৬ সালে ছিল ৫৩৭। এর তুলনায় এশিয়ার সিঙ্গাপুরের গড় স্কোর হলো ৫৮৭ ও হংকংয়ের ৫৭৩। অন্যদিকে ফিনল্যান্ডের শিশুদের স্কোর ৫৪৯, সুইডেনের ৫৪৪। ইউরোপের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বেলজিয়ামের। সেখানকার শিশুদের স্কোর ৪৯৪।
সমাজতত্ত্ববিদ ম্যাকএলভ্যানি বলেছেন, করোনা মহামারির কারণে শিশুরা স্কুলে না গিয়ে বাড়িতে পড়াশোনা করেছে, তার কিছুটা প্রভাব পড়ার ওপর পড়েছে। কিন্তু ২০০৬ সাল থেকে এই হার কমতে শুরু করে। তাঁর মতে, এখন জার্মানির স্কুলে আগের থেকে অনেক বেশি শিশুশিক্ষার্থী আছে, যারা বাড়িতেও জার্মান ভাষায় কথা বলে না। এটাও একটা বড় চ্যালেঞ্জ।
ইউরোপের কিছু দেশে অবশ্য অভিবাসীদের সংখ্যা জার্মানির তুলনায় বেশি। সেখানে বহুভাষিক সংস্কৃতি দ্রুত বাড়ছে। নেদারল্যান্ডস, বেলজিয়াম এর অন্যতম উদাহরণ। সেখানেও শিশুদের পড়ার ক্ষমতা কমছে।