
ছাত্র প্রতিনিধি ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ সিনেট সদস্যদের নিয়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪০তম বার্ষিক সিনেট অধিবেশন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২২-২৩ সালের সংশোধিত এবং ২০২৩-২৪ সালের মূল বাজেট পাস করা হয়। এ ছাড়া অধিবেশনে সিনেট সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বেলা সোয়া তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে অধিবেশন শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম সভাপতিত্ব করেন। অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার বাজেট উপস্থাপন করেন। তিনি ২০২২-২৩ অর্থবছরের ২৮৭ কোটি ১ লাখ টাকার সংশোধিত বাজেট এবং ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২৯৪ কোটি ১৬ লাখ টাকার মূল বাজেট উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ ১৬ কোটি টাকা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২৯৪ কোটি ১৬ লাখ টাকার বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২৭১ কোটি ৮১ লাখ টাকা অনুদান দেবে। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্রে ২২ কোটি ৩৫ লাখ টাকা আয় হবে।
বাজেট পর্যালোচনায় দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে চিকিৎসা খাতে বাজেট ধরা হয়েছে ২ কোটি ৮৯ লাখ ২৬ হাজার টাকা, যা মোট বাজেটের শূন্য দশমিক ৯৮ শতাংশ। এ খাতে গত বছর বরাদ্দ ছিল ২ কোটি ৭৪ লাখ ১১ হাজার টাকা। এ ছাড়া গবেষণা খাতে বরাদ্দ করা হয়েছে ৫ কোটি ৫২ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৮৮ শতাংশ। এ দুই খাতে গত বছর বরাদ্দ ছিল ৪ কোটি ৪২ লাখ টাকা।
শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতনে বরাদ্দ ১৭৫ কোটি ২৯ লাখ টাকা
বাজেটে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১৭৫ কোটি ২৯ লাখ টাকা, যা মূল বাজেটের ৫৯ দশমিক ৫৯ শতাংশ। পেনশন ও অবসরকালীন সুবিধা বাবদ বরাদ্দ ৪২ কোটি ৩৩ লাখ টাকা, যা মোট বাজেটের ১৪ দশমিক ৩৯ শতাংশ। পণ্য ও সেবা (সাধারণ আনুষাঙ্গিক) ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৫ লাখ টাকা, যা মোট বাজেটের ১৯ দশমিক ০৫ শতাংশ। পণ্য ও সেবা (রক্ষণাবেক্ষণ ও মেরামত) ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৬ লাখ টাকা। প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪২ লাখ টাকা, যা মোট বাজেটের শূন্য দশমিক ১৪ শতাংশ।
এ ছাড়া যন্ত্রপাতি খাতের ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৫৬ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ২১ শতাংশ। যানবাহন ক্রয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা, যা মোট বাজেটের শূন্য দশমিক ৫১ শতাংশ। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৫৫ লাখ টাকা, যা মোট বাজেটের শূন্য দশমিক ১৯ শতাংশ। অন্যান্য ও মূলধন জাতীয় বরাদ্দ ৫০ লাখ টাকা, যা মোট বাজেটের শূন্য দশমিক ১৭ শতাংশ। অন্যান্য ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ১৮ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৪২ শতাংশ।
সিনেট অধিবেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ, সিন্ডিকেট সদস্য ও রেজিস্ট্রার গ্র্যাজুয়েট প্রতিনিধি প্রমুখ।