আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে (২৫ থেকে ৩১ মে পর্যন্ত) সরকারঘোষিত ছুটির সঙ্গে সমন্বয় করে ছুটি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। এ জন্য ঈদুল আজহা উপলক্ষে পূর্বঘোষিত ছুটি এক দিন বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই ছুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীদের জন্য প্রযোজ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারঘোষিত ছুটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে ঘোষিত ২৪ থেকে ৩০ মের ছুটির সঙ্গে ৩১ মে এক দিন অফিস ছুটি বর্ধিত করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের তথ্যমতে, এক মাসের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। এর মধ্যে ঈদুল আজহা ছাড়া গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। ২১ মে বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়ে চলবে ২১ জুন পর্যন্ত। ছুটি শেষে ২২ জুন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা।