কানাডার অভিবাসন ও অ্যাসাইলাম ব্যবস্থায় কঠোর নজরদারির ফলে টেম্পোরারি রেসিডেন্ট ভিসাধারীদের (ভিজিট বা স্টুডেন্ট ভিসা) পক্ষ থেকে করা অ্যাসাইলাম (রাজনৈতিক আশ্রয়) আবেদনের সংখ্যা নাটকীয়ভাবে কমেছে। সরকারের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত দুই বছরে এ ধরনের আবেদনের হার ৮৪ শতাংশ হ্রাস পেয়েছে, যা কানাডার অভিবাসন খাতে এক নতুন বাস্তবতার জন্ম দিয়েছে।
আগে ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসায় কানাডায় প্রবেশ করে পরবর্তী সময়ে অ্যাসাইলাম বা আশ্রয়ের আবেদন করতেন। তবে বর্তমানে পরিস্থিতি আর আগের মতো নেই। কানাডা সরকার এখন সাময়িক ভিসাধারীদের আবেদনের ক্ষেত্রে কঠোর স্ক্রিনিং বা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া অনুসরণ করছে। নতুন আইনের ফলে, কেউ যদি ভিজিট বা স্টুডেন্ট ভিসায় এসে মনে করেন যে তিনি সহজেই অ্যাসাইলাম আবেদন করে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন, তবে তাঁদের জন্য বিষয়টি এখন অত্যন্ত জটিল ও কঠিন হয়ে দাঁড়িয়েছে। ভিসা পাওয়ার সময় যে কারণগুলো দেখানো হয়েছিল এবং পরে অ্যাসাইলামের আবেদনের সময় দেওয়া তথ্যের মধ্যে গরমিল থাকলে তা কঠোরভাবে দেখা হচ্ছে।
ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার (আইআরসিসি) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল মাসে যেখানে ১০ হাজার ৯৫ জন অস্থায়ী ভিসাধারী অ্যাসাইলামের জন্য আবেদন করেছিলেন, ২০২৬ সালের এপ্রিল মাসে সেই সংখ্যা কমে ১ হাজার ৫৮০-তে নেমে এসেছে। অর্থাৎ মাত্র দুই বছরের ব্যবধানে এ আবেদনের হার ৮৪ শতাংশ কমেছে।
কানাডা সরকার তার অভিবাসনব্যবস্থা ঠিক করতে গত কয়েক মাসে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে—
১. নতুন আইনের প্রয়োগ
২৬ মার্চ ২০২৬ তারিখে ‘স্ট্রেনদেনিং কানাডাস ইমিগ্রেশন সিস্টেম অ্যান্ড বর্ডারস অ্যাক্ট’ (বিল সি-১২) কার্যকর হয়েছে। এই নতুন আইনের আওতায় অ্যাসাইলাম পাওয়ার যোগ্যতার শর্তগুলো আগের চেয়ে অনেক বেশি কঠিন করা হয়েছে। যাঁরা কানাডায় প্রবেশের অনেক সময় পর আবেদনের চেষ্টা করছেন, তাঁদের ক্ষেত্রে এই আইন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
কানাডা সরকার তার অভিবাসনব্যবস্থা ঠিক করতে গত কয়েক মাসে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।
সাময়িক ভিসার আবেদনের ক্ষেত্রে বর্তমানে সরকার আগের চেয়ে অনেক বেশি সতর্ক। ফলে যাঁর উদ্দেশ্য অস্পষ্ট বা সন্দেহজনক, তাঁর জন্য কানাডায় প্রবেশের সুযোগ সীমিত হয়ে পড়েছে।
অ্যাসাইলামের প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করতে সরকার ডিজিটাল পোর্টাল ও কঠোর সময়সীমা বেঁধে দিয়েছে। অযোগ্য আবেদনকারীদের দ্রুত চিহ্নিত করে তাঁদের আবেদন খারিজ বা পরিত্যক্ত ঘোষণা করার হারও বেড়েছে।
কানাডার অভিবাসনবিশেষজ্ঞরা মনে করছেন, অ্যাসাইলামের ব্যবস্থাকে যাঁরা শুধু স্থায়ী হওয়ার একটি ‘সহজ পথ’ হিসেবে ব্যবহার করতে চাইতেন, তাঁদের জন্য এখনকার পরিস্থিতি যথেষ্ট সতর্কবার্তা। সরকার বর্তমানে আশ্রয়প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতে কাজ করছে, যাতে সত্যিকার অর্থেই যাঁরা জীবনঝুঁকির মুখে আছেন, তাঁরাই সুরক্ষা পান। ১৯ জুন ২০২৬ প্রস্তাবিত নতুন কিছু আইন আগামী দিনে অ্যাসাইলামের ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত করবে বলে অনেকে ধারণা করছেন।