একাডেমিক কাউন্সিলের সভায় কোনো ধরনের লাঞ্ছনার বা হেনস্তার ঘটনা ঘটেনি বলে দাবি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ শনিবার সকালে প্রথম আলোয় পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংঘটিত ঘটনার সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে সমিতি।
সমিতির সভাপতি আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার একাডেমি কাউন্সিলের সভায় ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবদুল কাদের বক্তব্যের একপর্যায়ে অ্যাজেন্ডাবহির্ভূত বক্তব্য দিতে থাকেন। তিনি টেবিল চাপড়িয়ে উত্তেজনাকর ও অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করেন। তখন উপস্থিত সহকর্মীরা তাঁকে শান্ত হওয়ার জন্য বলেন এবং একপর্যায়ে কয়েক সহকর্মী তাঁর হাত ধরে আসনে বসতে অনুরোধ করেন। পরবর্তীকালে ওই সহকর্মী তাঁর নিজের ভুল বুঝতে পেরে সভায় উপস্থিত সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর উপাচার্য যথাযথভাবে সভা পরিচালনা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা খুবই দৃঢ়তার সঙ্গে বলতে চাই, পরিষদের ওই সভায় কোনো ধরনের লাঞ্ছনার বা হেনস্তার ঘটনা ঘটেনি। চলমান নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপকৌশল হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকেরা বিষয়টিকে উদ্বিগ্নতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন। বিষয়টি ওই সভাতেই নিষ্পত্তি ঘটেছে, সেটিকে নিয়ে জল ঘোলা করায় শিক্ষক সমিতি মর্মাহত এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও একাডেমিক স্বাধীনতা রক্ষার আন্দোলনে ৭০০ সদস্যের শিক্ষক পরিবার ঐক্যবদ্ধ।
শিক্ষক সমিতির সভাপতি আইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন গণমাধ্যমে অতিরঞ্জিত ও সঠিকভাবে উপস্থাপন কো হয়নি।
এ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবদুল কাদেরের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন।