
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষা নিয়ে সমাজে একধরনের সামাজিক ট্যাবু আছে, সেটা দূর করতে হবে। তিনি বলেন, ‘যে দেশ যত বেশি উন্নত ও সমৃদ্ধ হয়েছে, সে দেশ কারিগরি শিক্ষার হার তত বেশি গুরুত্ব দিয়েছে। দেশের প্রতিবছর লাখ-লাখ গ্র্যাজুয়েট-মাস্টার্স তৈরি করছি। তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। যাঁরা ট্রেড কোর্সে পড়ালেখা করেছেন, তাঁরা অনেক আগেই কর্মজীবনে চলে যান।’ গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সন্তানদের কৃতিত্বপূর্ণ ফলাফলে তাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষার্থীরা অনেক বেশি ভালো রোজগার করে। আমরা যেটা করার চেষ্টা করছি, কেউ যদি ট্রেড কোর্সে থেকে অন্য শিক্ষায় যাবে, সেই যাওয়ার পথ আমরা খুলে দিয়েছি। এই ব্যবস্থা আগে ছিল না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা, তারা আগে শুধু ডুয়েটে বিএসসি করতে পারত, এখন তারা যাতে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে।’
শিক্ষামন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘সন্তানকে মানসিকভাবে চাপ দেবেন না। সন্তানের মানসিক স্বাস্থ্য অনেক জরুরি। আমরা বাচ্চাদের আত্মবিশ্বাস, আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছি। বাচ্চাটার জীবনের শুরুতেই মানসিকভাবে ভেঙে দিচ্ছি। আমাদের ওদের নিয়ে ভাবতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংকের (এসবিএসি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। অনুষ্ঠানে এসএসসি ২০ জন, এইচএসসি ২৫ জনসহ মোট ৪৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক কাওসার আজম ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।