ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সেমিকন্ডাক্টর নিয়ে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ, আছে বৃত্তি

আধুনিক বিশ্বের উদীয়মান প্রযুক্তি ও দ্রুতবর্ধনশীল শিল্পের চাহিদা মেটাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে অ্যাডভান্সড ট্রেনিং অন সেমিকন্ডাক্টর অ্যান্ড আইসিটি টেকনোলজি শীর্ষক বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) অর্থায়নে ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন নতুন গ্র্যাজুয়েট ও পেশাজীবীরা। সেমিকন্ডাক্টর ডিজাইন, স্মার্ট ডিভাইস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিশ্বমানের প্রযুক্তিতে স্থানীয় দক্ষ জনবল গড়ে তোলা এবং পেশাগত যোগ্যতার নতুন দিগন্ত উন্মোচন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

যেসব বিষয়ে প্রশিক্ষণ মিলবে

প্রশিক্ষণ কর্মসূচিটিতে আধুনিক তথ্যপ্রযুক্তির গুরুত্বপূর্ণ পাঁচটি বিশেষায়িত ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভিএলএসআই ডিজাইন, যার মাধ্যমে ধারণাগত পর্যায় থেকে সিলিকন চিপ তৈরির পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করা সম্ভব হবে। এ ছাড়া এতে যুক্ত রয়েছে মেশিন লার্নিং ও ডিপ লার্নিং, ইন্টারেক্টিভ স্মার্ট সিস্টেম ও ইন্টারনেট অব থিংস এবং ডেটা সায়েন্স। প্রশিক্ষণার্থীদের শুধু তত্ত্বীয় জ্ঞানে সীমাবদ্ধ না রেখে শিল্পক্ষেত্রের বাস্তব কাজের উপযোগী হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। দেশীয় শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের প্রখ্যাত বিশেষজ্ঞ শিক্ষকেরা এতে দিকনির্দেশনা প্রদান করবেন। কোর্স সফলভাবে সম্পন্নকারীদের সনদপত্র দেওয়ার পাশাপাশি সরকারি নীতিমালা অনুযায়ী বৃত্তি প্রদান করা হবে।

যোগাযোগ

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে তরুণ গ্র্যাজুয়েটদের এগিয়ে রাখা এবং কর্মরত পেশাজীবীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও নতুন ক্যারিয়ার ক্ষেত্র বা নেতৃত্বমূলক পদে পদার্পণে সাহায্য করতে এই কোর্স সাজানো হয়েছে। কোর্সটি থেকে অর্জিত দক্ষতা দেশ ও বিদেশের দ্রুত প্রবৃদ্ধিশীল প্রযুক্তি খাতে নতুন কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করবে। সীমিত আসনের এই প্রশিক্ষণ কোর্সে ভর্তি আবেদনের শেষ তারিখ ২৬ অক্টোবর। আগ্রহীরা নির্দিষ্ট অনলাইন লিংকের (https://lnkd.in/gC_VpKpi) মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। কোর্স সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য প্রাতিষ্ঠানিক হেল্পলাইন (+৮৮০৯৬৩৮৪৫৪৫৪৫, এক্সটেনশন: ৩৪০৫) অথবা ই–মেইলে (info.bracict.sicip@bracu.ac.bd) যোগাযোগ করা যাবে। বিস্তারিত