
বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা এখন প্রচলিত গন্তব্যের বাইরেও নতুন দেশ খুঁজছেন। দক্ষিণ কোরিয়া ক্রমেই সেই তালিকার ওপরে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটারবিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা বিশ্লেষণ ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের কাছে দেশটির আকর্ষণ বেশি। তবে প্রশ্ন একটাই, বাস্তবে কত টাকা লাগে?
টিউশন ফি: বিশ্ববিদ্যালয়ভেদে বড় পার্থক্য
কোরিয়া সরকারের স্টাডি ইন কোরিয়া পোর্টালের তথ্য অনুযায়ী, ৪ বছর মেয়াদি বিশ্ববিদ্যালয়ে গড় বার্ষিক টিউশন ফি প্রায় ৬৮ দশমিক ২ লাখ ওন (৬ দশমিক ২ লাখ টাকা)। জাতীয় ও সরকারি বিশ্ববিদ্যালয়ে গড় প্রায় ৪২ দশমিক ৭ লাখ ওন (৩ দশমিক ৯৩ লাখ টাকা), বেসরকারিতে প্রায় ৭৬ দশমিক ৩ লাখ ওন (৭ দশমিক ২ লাখ টাকা)। ব্যাংকের প্রকৃত বিনিময় হার ও লেনদেন চার্জের কারণে পরিশোধযোগ্য অর্থ কিছুটা আলাদা হতে পারে।
শুধু টিউশন নয়, জীবনযাত্রার ব্যয়ও ধরতে হবে
সরকারি নির্দেশিকা অনুযায়ী, একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর মাসিক খরচ আনুমানিক ৭ দশমিক ৫ লাখ থেকে ১০ লাখ ওন। এতে আবাসন, খাবার, যাতায়াত ও দৈনন্দিন খরচ ধরা আছে। ১২ মাসে এর পরিমাণ ৮ দশমিক ২৪ লাখ থেকে ১১ লাখ টাকা।
বৃত্তি ছাড়া প্রাথমিক বার্ষিক বাজেট
দক্ষিণ কোরিয়ায় পড়ালেখার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খরচে স্পষ্ট পার্থক্য থাকলেও জীবনযাত্রার ব্যয় উভয় ক্ষেত্রেই প্রায় সমান। জাতীয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর বার্ষিক টিউশন ফি পড়ে প্রায় ৩ দশমিক ৯৮ লাখ টাকা, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় এ খরচ বেড়ে দাঁড়ায় বার্ষিক প্রায় ৭ দশমিক ১২ লাখ টাকায়।
এর বাইরে আবাসন, খাবার ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে ১২ মাসের জীবনযাত্রার ব্যয় বাবদ প্রয়োজন হয় ৮ দশমিক ৪০ লাখ থেকে ১১ দশমিক ২০ লাখ টাকা। ফলে সব মিলিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার ক্ষেত্রে মোট প্রাথমিক বার্ষিক খরচ দাঁড়ায় ১২ দশমিক ৩৮ লাখ থেকে ১৫ দশমিক ১৮ লাখ টাকা। অন্যদিকে একই মেয়াদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেলায় এ খরচের মাত্রা কিছুটা বেড়ে ১৫ দশমিক ৫২ লাখ থেকে ১৮ দশমিক ৩২ লাখ টাকায় গিয়ে ঠেকে।
এগুলো জাতীয় গড়ভিত্তিক পরিকল্পনা, কোনো বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট হিসাব নয়। বিমানভাড়া, আবেদন ও ভর্তি ফি, ভিসা খরচ, নথি অনুবাদ ও সত্যায়ন, প্রাথমিক সেটআপ এবং জরুরি তহবিল এ হিসাবের বাইরে।
জাতীয় ও সরকারি বিশ্ববিদ্যালয়ের গড় ফি কম হলেও প্রতিটি প্রোগ্রামের ফি এক নয়। প্রকৌশল, প্রাকৃতিক বিজ্ঞান ও গবেষণাগারনির্ভর বিষয়ে খরচ মানবিক বা সামাজিক বিজ্ঞানের চেয়ে বেশি হতে পারে। সিউলের মতো বড় শহরে আবাসনসহ স্থানীয় খরচও আলাদাভাবে যাচাই করা দরকার।
শুরুতে দেখার মতো তিন বিশ্ববিদ্যালয়
পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি (বুসান): প্রকৌশল, বিজ্ঞান ও ব্যবসা বিষয়ে আগ্রহী শিক্ষার্থীরা বিবেচনা করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকায় বিভাগভেদে টিউশন ও ডরমিটরির খরচ আলাদা দেওয়া থাকে। কিছু ইংরেজি মাধ্যম প্রোগ্রামও আছে।
কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি (দেগু): ব্যবসা, আইটি, প্রকৌশল ও বিজ্ঞানে প্রোগ্রাম খোঁজার জন্য বিবেচনাযোগ্য। আন্তর্জাতিক ভর্তি পাতায় টিউশন ও টেস্ট অব প্রফিশিয়েন্সি ইন কোরিয়ান (TOPIK) বা টপিক–ভিত্তিক বৃত্তির তথ্য আছে। তবে ভর্তির সেশন অনুযায়ী শর্ত মিলিয়ে নিতে হবে।
সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি (সিউল): উচ্চমানের একাডেমিক ও গবেষণাভিত্তিক শিক্ষার জন্য পরিচিত। ভর্তি প্রতিযোগিতামূলক, বিভাগভিত্তিক টিউশনও আলাদা। ২০২৫ সালে প্রকাশিত ফি ২০২৭ সালের নিশ্চিত ফি ধরা যাবে না।
আবেদনের আগে চারটি বিষয় একসঙ্গে যাচাই করা উচিত—প্রোগ্রামটি সত্যিই ইংরেজি মাধ্যমে চলে কি না, বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন কি না, ২০২৭ সালের প্রকৃত টিউশন ফি কত এবং বৃত্তি পেলে নিজেকে কত খরচ দিতে হবে।
বৃত্তিতে কতটা সাশ্রয়
খরচ কমানোর প্রধান উপায় ‘বৃত্তি’। কোরিয়া সরকারের গ্লোবাল কোরিয়া স্কলারশিপের (জিকেএস) ২০২৭ সালের স্নাতক পর্যায়ের আনুষ্ঠানিক নির্দেশিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবেদন-বিজ্ঞপ্তিও এসেছে। আগ্রহী শিক্ষার্থীদের এখনই যোগ্যতা, বিশ্ববিদ্যালয়ের তালিকা, আবেদনপদ্ধতি ও সময়সীমা দেখে নেওয়া উচিত।
তবে বিশ্ববিদ্যালয়গুলোও নিজস্ব বৃত্তি দেয়। কিয়ংপুক ও পুসানের মতো বিশ্ববিদ্যালয়গুলোয় টেস্ট অব প্রফিশিয়েন্সি ইন কোরিয়ান ফলাফলের ওপর ভিত্তি করে টিউশন ফি ছাড়ের চমৎকার সুযোগ রয়েছে। কিন্তু এগুলো শর্তসাপেক্ষ, সবাই পাবেন, এমন নিশ্চয়তা নেই।
টিউশন ফি ছাড়ের প্রভাব কেমন হতে পারে
দক্ষিণ কোরিয়ায় স্কলারশিপ বা টিউশন ফি ছাড়ের ওপর ভিত্তি করে বার্ষিক প্রাতিষ্ঠানিক ও জীবনযাত্রার মোট খরচে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। কোনো বৃত্তি না পেলে একজন শিক্ষার্থীর মোট প্রাথমিক বার্ষিক ব্যয় পড়ে ১২ দশমিক ৩৮ লাখ থেকে ১৫ দশমিক ১৮ লাখ টাকা। তবে বিশ্ববিদ্যালয়ের ৫০ শতাংশ টিউশন ফি ছাড় পেলে এ খরচ কমে দাঁড়ায় ১০ দশমিক ৩৯ লাখ থেকে ১৩ দশমিক ১৯ লাখ টাকায়।
আর যদি কোনো শিক্ষার্থী শতভাগ টিউশন ফি ছাড় অর্জন করতে পারেন, তবে তাঁর বার্ষিক ব্যয় কেবল জীবনযাত্রার খরচেই সীমাবদ্ধ থাকে। যার পরিমাণ ৮ দশমিক ৪০ লাখ থেকে ১১ দশমিক ২০ লাখ টাকা। তবে এ ছাড় তুলনার জন্য দেওয়া, কোনো নির্দিষ্ট বৃত্তির প্রতিশ্রুতি নয়। পূর্ণ অর্থায়িত জিকেএসের সুবিধা ও শর্ত আলাদাভাবে দেখতে হবে।
ভিসা ও খণ্ডকালীন কাজ
ডিগ্রি প্রোগ্রামে সাধারণত ‘ডি–২’ এবং ভাষা প্রশিক্ষণে ‘ডি–৪’ ভিসা প্রযোজ্য। কোরিয়ার দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, কোরিয়া ভিসা পোর্টালে ই-ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হয়। আর্থিক সক্ষমতার প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট ও ভর্তিসংক্রান্ত নথি লাগে। আবেদনের আগে সর্বশেষ নিয়ম দেখে নেওয়া জরুরি।
খণ্ডকালীন কাজ ভিসার শর্ত, অনুমতি, ভাষাগত দক্ষতা ও প্রযোজ্য নিয়মের ওপর নির্ভর করে। কাজ পাওয়া নিশ্চিত নয়, তাই সম্ভাব্য আয়কে পরিবারের প্রাথমিক অর্থায়নের বিকল্প ধরা ঠিক হবে না। কোরীয় ভাষা না জানলে দৈনন্দিন জীবন, চাকরি খোঁজা ও দীর্ঘমেয়াদি কর্মজীবনে বাড়তি প্রস্তুতি লাগতে পারে। ইংরেজি মাধ্যমে ডিগ্রি করা গেলেও স্থানীয় ভাষার দক্ষতা ভবিষ্যতের সুযোগ বাড়ায়।
সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে যে সাতটি প্রশ্ন করবেন
• আমার একাডেমিক ফলাফল ও পছন্দের বিষয় কি নির্বাচিত প্রোগ্রামের যোগ্যতার সঙ্গে মেলে?
• প্রোগ্রামের ভাষা ও আইইএলটিএস/টোফেল বা টপিকের শর্ত দেখেছি কি?
• টিউশন, আবাসন, খাবার, বিমাসহ সব খরচের লিখিত হিসাব পেয়েছি কি?
• বৃত্তির যোগ্যতা, সুবিধা, সময়সীমা ও নবায়নের শর্ত কি যাচাই করেছি?
• ভিসার আর্থিক প্রমাণ ও নথি প্রস্তুত করার সামর্থ্য কি আছে?
• খণ্ডকালীন কাজ না পেলেও পড়াশোনা চালানোর মতো অর্থ কি আছে?
• ডিগ্রির পর কর্মজীবন, ভাষাগত প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনা কি ভেবেছি?
দক্ষিণ কোরিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্ভাবনাময় গন্তব্য, তবে সঠিক বিশ্ববিদ্যালয় ও বৃত্তি বেছে না নিলে সবার জন্য সাশ্রয়ী হবে না। সরকারি বিশ্ববিদ্যালয়ের কম টিউশন ফি, গবেষণার সুযোগ ও সরকারি বৃত্তি আকর্ষণীয়। আবার ভাষাগত বাধা, প্রাথমিক অর্থায়ন ও কর্মজীবনের অনিশ্চয়তাকেও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে।
লেখা: নাজমুল হাসান রাজু, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিএইচএস এডুকেশন লিমিটেড