যুক্তরাষ্ট্রে নতুন অভিবাসন নিয়ম কার্যকর হওয়ার আগে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সতর্ক করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মের কারণে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের থাকার মেয়াদ ও ভ্রমণের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেওয়া পরামর্শে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা শিক্ষার্থীরা শরৎকালীন সেমিস্টারে ক্যাম্পাসে থাকার প্রয়োজন হলে ১৫ সেপ্টেম্বরের আগে যুক্তরাষ্ট্রে ফেরার বিষয়টি বিবেচনা করতে পারেন।
নতুন নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে থাকার ক্ষেত্রে এত দিন চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা পরিবর্তন করা হবে। এর পরিবর্তে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট ‘অ্যাডমিট আনটিল ডেট’ নির্ধারণ করা হবে।
নতুন ব্যবস্থায় এফ–১ ও জে–১ ভিসাধারী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা থাকবে। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনার মেয়াদ এবং যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমতির সময়সীমার মধ্যে সমন্বয় রাখা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
নতুন নিয়মের গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন হলো যেসব শিক্ষার্থীর শিক্ষাক্রম চার বছরের বেশি সময় ধরে চলে, তাঁদের জন্য বাড়তি প্রশাসনিক প্রক্রিয়ার প্রয়োজন হতে পারে। এর মধ্যে অনেক পিএইচডি শিক্ষার্থীও পড়বেন।
চার বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে থেকে পড়াশোনা চালিয়ে যেতে হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে থাকার অনুমতির মেয়াদ বাড়ানোর জন্য আনুষ্ঠানিক আবেদন করতে হতে পারে।
বিশেষ করে পিএইচডি প্রোগ্রামের মেয়াদ অনেক ক্ষেত্রে চার বছরের বেশি হওয়ায় এ পরিবর্তনটি এসব শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ।
নতুন নিয়ম কার্যকর হওয়ার সময় যাঁরা যুক্তরাষ্ট্রে বৈধ শিক্ষার্থী-স্ট্যাটাসে থাকবেন, তাঁদের ক্ষেত্রে কিছু অন্তর্বর্তী সুরক্ষা থাকবে। তবে ১৫ সেপ্টেম্বরের পর যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে আবার প্রবেশ করলে নতুন নিয়মের আওতায় পড়ার সম্ভাবনা রয়েছে।
এ কারণে হার্ভার্ডের আন্তর্জাতিক অফিস শিক্ষার্থীদের ভ্রমণের আগে তাঁদের ভিসা, আই–২০ বা ডিএস–২০১৯ এবং আই–৯৪ নথি পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। আন্তর্জাতিক ভ্রমণের পরিকল্পনা থাকলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে পরামর্শ করতেও বলা হয়েছে।
নতুন নিয়মে পড়াশোনা শেষ করার পর এফ–১ শিক্ষার্থীদের প্রচলিত ৬০ দিনের গ্রেস পিরিয়ড কমিয়ে ৩০ দিন করার প্রস্তাবও রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাক্রম বা ডিগ্রির স্তর পরিবর্তনের ক্ষেত্রেও নতুন অনুমোদন-সংক্রান্ত শর্ত কার্যকর হতে পারে।