বুয়েটে পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণে সভা মঙ্গলবার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্থগিত হওয়া ও শিক্ষার্থীদের বর্জন করা টার্ম ফাইনাল পরীক্ষার নতুন তারিখ নির্ধারণে চূড়ান্ত প্রস্তাব প্রণয়নের জন্য সব বিভাগের বিভাগীয় প্রধান ও শ্রেণিপ্রতিনিধিদের সঙ্গে সভা ডেকেছে প্রশাসন। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় বুয়েটের কাউন্সিল ভবনের দ্বিতীয় তলায় এ সভা হবে। বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার এতে সভাপতিত্ব করবেন।

গতকাল রোববার বুয়েটের রেজিস্ট্রার মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সভার কথা জানানো হয়েছে। এ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

গত ৩০ মার্চ বুয়েটে টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শেষ হওয়ার কথা ছিল আগামী ৮ মে। কিন্তু ছাত্ররাজনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঈদের আগে ও পরে ধারাবাহিকভাবে পরীক্ষা বর্জন করেন বুয়েটের সব ব্যাচের শিক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে ২০ এপ্রিল টার্ম ফাইনালের বাকি পরীক্ষাগুলো স্থগিত এবং শিক্ষার্থীদের বর্জন করা পরীক্ষাগুলোর তারিখ পুনর্নির্ধারণ করে আবার নেওয়ার সিদ্ধান্ত নেয় বুয়েটের একাডেমিক কাউন্সিল।

বুয়েটের একাডেমিক কাউন্সিলের ওই সভার সিদ্ধান্ত হলো, পরীক্ষার বিষয়ে স্নাতক পর্যায়ের প্রতি ব্যাচের শ্রেণিপ্রতিনিধিদের সঙ্গে বিভাগীয় প্রধানেরা প্রয়োজনীয়সংখ্যক বিভাগীয় শিক্ষকদের নিয়ে আলোচনা করে পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করবেন এবং কর্তৃপক্ষকে জানাবেন। সব বিভাগের সব ব্যাচের পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখের প্রস্তাব পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে সব বিভাগের বিভাগীয় প্রধানসহ সব শ্রেণিপ্রতিনিধিদের সঙ্গে বুয়েটের উপাচার্য, সহ-উপাচার্য, ডিন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সভা করে আলোচনা করবেন এবং প্রস্তাব প্রণয়ন করবেন। সার্বিক পর্যালোচনা শেষে চূড়ান্ত প্রস্তাব একাডেমিক কাউন্সিলের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণে প্রথম ধাপের আলোচনা শেষে এখন দ্বিতীয় ধাপের আলোচনায় যাচ্ছে বুয়েট। চূড়ান্ত প্রস্তাব একাডেমিক কাউন্সিলে অনুমোদিত হওয়ার পর নির্ধারিত তারিখে পরীক্ষা শুরু হবে। তবে এখন বুয়েটে কোনো ক্লাস-পরীক্ষা হচ্ছে না।