
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষকের (ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট) যোগ্যতা পরীক্ষায় নকল করে প্রথম হয়েছিলেন একজন। দক্ষিণ কোরিয়ার এই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর গতকাল রোববার এ বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
গতকাল ওই পরীক্ষার্থী জানান, পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআইয়ের কাছে পাঠিয়ে উত্তর সংগ্রহ করেছিলেন। এ ঘটনায় আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঘিরেও উদ্বেগ তৈরি হয়েছে।
চলতি বছর এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত দুটি পরীক্ষায় প্রায় সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রথম হয়েছিলেন ওই পরীক্ষার্থী। দুই পরীক্ষায় তাঁর প্রাপ্ত ফলাফল নিয়ে কয়েক মাস ধরেই সন্দেহ ও আলোচনা চলছিল। গতকাল তাঁর স্বীকারোক্তির পর সেই সন্দেহের অবসান হয়।
দেশটির অ্যাটর্নি লি দন-হোর ইউটিউব চ্যানেলে নিজের পরিচয় শুধু ‘হান’ পদবি ব্যবহার করে ওই পরীক্ষার্থী বলেন, ‘আমি ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে প্রতারণা করেছি। সর্বোচ্চ নম্বর নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমার ন্যায্য পরিশ্রমের ফল নয়।’ এ জন্য তিনি ক্ষমাও চেয়েছেন।
হান এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত যোগ্যতা পরীক্ষার দুই ধাপেই প্রথম হয়েছিলেন। তাঁর আইনজীবীর মাধ্যমে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, পরীক্ষার সময় উত্তর বের করতে তিনি এআই ব্যবহার করেন। একটি ক্ষুদ্র ক্যামেরা দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে এআই টুলে পাঠাতেন। এরপর স্মার্টফোনে এআইয়ের দেওয়া উত্তর দেখে নিতেন।
প্রথম ধাপের পরীক্ষায় ৪০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছিলেন ৩৯৭ দশমিক ৫। ১৬০টি প্রশ্নের মধ্যে একটিমাত্র উত্তর ভুল হয়েছিল। তাঁর এই ফলাফল ঘিরে স্মার্ট চশমা ব্যবহার করে জালিয়াতির অভিযোগ ওঠে। শুরুতে তিনি সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। মুখে মাস্ক পরে ক্যামেরার সামনে দেওয়া বক্তব্যে হান জানান, তিনি সিউল পুলিশের কাছে লিখিত স্বীকারোক্তি জমা দিয়েছেন।
সিউল মেট্রোপলিটন পুলিশ জানায়, ‘কর হিসাবরক্ষক পরীক্ষায় জালিয়াতির বিষয়ে পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে আমরা একটি লিখিত স্বীকারোক্তি পেয়েছি।’ বিষয়টি তদন্তকারীদের কাছে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
দক্ষিণ কোরিয়ায় সামাজিক অবস্থানের পরিবর্তন ও পেশাগত ভবিষ্যৎ নির্ধারণে মানসম্মত পরীক্ষার ফলের বড় ভূমিকা রয়েছে। এ কারণে এই ঘটনা দেশটিতে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। এর মধ্যেই দক্ষিণ কোরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ ১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দক্ষিণ কোরিয়ার অনেক শিক্ষার্থী জীবনের বড় একটি সময় এই পরীক্ষার প্রস্তুতিতে ব্যয় করেন। এর আগে এমন ঘটনা সামনে আসায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্টের কার্যালয়ও।
প্রেসিডেন্টের কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্টের কার্যালয় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থাকায় আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি জোরদার করেছি।’
সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট বা সিপিএ পরীক্ষায় সম্ভাব্য জালিয়াতির খবরও উদ্বেগজনক বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা। তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রেসিডেন্টের নীতিবিষয়ক চিফ অব স্টাফ গতকাল বিকেলে জরুরি বৈঠক করেন।
এদিকে প্রধানমন্ত্রী হান সিয়ং-সুক গত শুক্রবার এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির আশঙ্কা নিয়ে জনসাধারণের উদ্বেগের কথা স্বীকার করেন। তাঁর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যাতে ন্যায্য ও সুষ্ঠুভাবে এবং স্থিতিশীল পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে সরকার আগাম প্রস্তুতি নেবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত পুরো প্রক্রিয়ার ওপর নিবিড় নজরদারি রাখবে।’