ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত, দুই দিন ক্লাস অনলাইনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিন অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। আর ১০ ফেব্রুয়ারি সব বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে ৯ ও ১০ ফেব্রুয়ারি সোম ও মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুই দিন আগে ১০ ফেব্রুয়ারি সব বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিতের কথা জানিয়ে অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিতির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ (মঙ্গলবার)–এর পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হলো। এ ছাড়া অধিভুক্ত বা উপাদানকল্প কলেজ বা ইনস্টিটিউটের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে ঢাবি প্রশাসন।

১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।