শুধু ডিগ্রি নয়, বাংলায় পেশাগত দক্ষ স্নাতক নিশ্চিত করবে ইউল্যাব

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বাংলা ভাষার চেতনাই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। এই ভূখণ্ডের সিংহভাগ মানুষের মুখের ভাষা বাংলার অধিকার চাইতে গিয়ে ১৯৫২ সালে এ জাতির সাহসী সন্তানেরা জীবন দিয়েছিলেন। ভাষার জন্য জীবন দেওয়ার এই নজির বিশ্ব-ইতিহাসে বিরল। ভাষা আন্দোলনের এই চেতনাতেই উজ্জীবিত ছিল ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীরা।

বাংলাদেশ প্রতিষ্ঠার ৫২ বছর পার হয়ে গেছে। অর্ধশত বছরের যাত্রায় এ দেশের শিক্ষাব্যবস্থায় প্রভূত উন্নতি সাধন হয়েছে। বাংলাদেশের ছেলেমেয়েরা বিজ্ঞান, কলা, বাণিজ্য অথবা প্রকৌশলবিদ্যাসহ অসংখ্য বিষয়ে পড়াশোনা করছে। প্রতিনিয়তই বিশ্বের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে, বাজার-গুরুত্ব বিবেচনায় নতুন নতুন বিষয় আসছে। অথচ, সময়-পরিক্রমায় এ দেশে যেন গুরুত্ব কমেছে বাংলার। অভিভাবক ও শিক্ষার্থীমহলের ধারণা, বাংলায় পড়লে ক্যারিয়ার গড়া যায় না, তাই পছন্দের তালিকায় নেই বাংলা। বাংলা মানেই বুঝি কবিতা ও কাব্য, যাতে ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ কিছু নেই। তাই, কঠিন করপোরেট আঙিনায় বাংলা স্নাতকদের ঠাঁই নেই!

এমন বদ্ধমূল ধারণা সবার মনে থাকলেও এ দেশের সব কাজই চলে বাংলায়। একজন বাঙালি হিসেবে ভালো বাংলা জানাটা জরুরি। বিশেষ করে, বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর সব কাজই হয় বাংলায়। কিছু প্রতিষ্ঠান বাদ দিলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বড় অংশের কার্যক্রম বাংলাতেই চলে। এরপরও বাংলার প্রতি কেন সবার অনীহা—সেটা খতিয়ে দেখার দাবি রাখে।

ইউল্যাবের ক্যাম্পাস

বাংলা ভাষায় দক্ষতানির্ভর পেশাগত কর্মের জন্য বাংলা বিষয়ে পড়াশোনার বিকল্প থাকার কথা নয়। সাংবাদিকতায় শুদ্ধ বাংলা লেখা, সম্পাদনা ও প্রকাশনাসংক্রান্ত কাজে ভালো বাংলা জানা জরুরি। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা পেতেও বাংলা জানতে হবে। বিশ্বসাহিত্যের সঙ্গে সংযোগ স্থাপনের উপায় হলো অনুবাদ। অনুবাদের মাধ্যমে বিশ্বের সাহিত্য বাংলায় এবং বাংলা সাহিত্য বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া যায়। অনুবাদের কলাকৌশল জানতে বাংলা জানা জরুরি। দেশের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতিপাঠ উন্নয়নে বাংলা ভূমিকা পালন করতে পারে। তথ্য ও প্রযুক্তিতে মাতৃভাষার প্রয়োগ না থাকায় প্রকৌশলবিদ্যা অথবা কারিগরি অধ্যয়নে বাংলায় কোনো ভালো বই নেই বলে দক্ষ কর্মী নিশ্চিত করা যাচ্ছে না। এ খাতে বাংলার ব্যবহার নিশ্চিত করা গেলে প্রযুক্তিখাতে যোগ্য কর্মী পাওয়া যাবে। এ ছাড়া নাটক, বিজ্ঞাপন ও সিনেমার চিত্রনাট্য লেখার জন্য বাংলায় ভালো দখল থাকা জরুরি।

এত এত ক্ষেত্র থাকা সত্ত্বেও বাংলা বিভাগের চাহিদা কেন বাড়ছে না—সেটা একটা বড় প্রশ্ন। প্রকৃত অর্থে, বাংলা বিভাগকে দক্ষতার স্তরে পৌঁছে দিতে ভালো কোনো পরিকল্পনা পরিলক্ষিত হয়নি। সময়োপযোগী বিভিন্ন সাবজেক্ট আসলেও, সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাকে পেশা দক্ষতার বিবেচনায় সময়োপযোগী করে সাজানো হয়নি। পেশাগত দক্ষতার ক্ষেত্রে তাই বাংলার স্থান দখল করে নিয়েছে বিশেষায়িত নতুন কোনো বিষয়।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) নতুন বাংলা বিভাগ খুলেছে। বাংলা নিয়ে ইউল্যাবের পরিকল্পনা ভিন্ন। গতানুগতিক সাহিত্যপাঠ শুধু নয়, পেশাগত দক্ষতায় ভালো বাংলা স্নাতক গড়ে তুলতে ইউল্যাব বাংলাকে নতুন মাত্রায় সাজিয়েছে। অনুবাদ চর্চা, তুলনামূলক সাহিত্য, পেশাগত দক্ষতার উন্নয়ন, সাংস্কৃতিক উৎকর্ষ, নতুন মিডিয়া ও বাংলা ভাষা, সৃজনশীল শিক্ষা, ক্ষুদ্র নৃজাতিগোষ্ঠীর সাহিত্য অধ্যয়ন, শিক্ষা-কর্মে-দক্ষতায় মাতৃভাষাসহ দক্ষ বাংলা স্নাতক তৈরিতে সময়োপযোগী কারিকুলাম প্রস্তুত করেছে ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ।

বাংলার শিক্ষার্থীদের জন্য বিস্তৃত সৃজনশীল ও সহ-শিক্ষাক্রমের সুযোগ

সেন্টার ফর বাংলা স্টাডিজ, সৃজনী সংঘ, বিতর্ক সংসদ, অনুবাদ সংসদ, চলচ্চিত্র সংসদ ও বাংলা থিয়েটারসহ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সৃজনশীল ও সহ-শিক্ষাক্রম পরিচালনা করবে ইউল্যাবের বাংলা বিভাগ। সেমিনার, ওয়েবিনার, কর্মশালা, সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ, নবান্ন উৎসব, পয়লা বৈশাখ, বনভোজনসহ বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের সুযোগ পাবে বাংলা বিভাগের শিক্ষার্থীরা। ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে দেশ-বিদেশের স্বনামধন্য শিক্ষকগণ নিজেদের জ্ঞান ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের সৃজনশীল, সময়োপযোগী এবং বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবেন।

লিবারেল আর্টস শিক্ষার অংশ হিসেবে বাংলায় পড়েও ইংরেজি সাহিত্য, সাংবাদিকতা, প্রকৌশলবিদ্যা ও বাণিজ্য বিষয় নন-মেজর বিষয় হিসেবে পড়ার অনন্য সুযোগ একমাত্র দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউল্যাবে বিদ্যমান। মননশীল, সৃজনশীল টেকসই পৃথিবীর যোগ্য নাগরিক হিসেবে সামাজিক দায়বদ্ধতা এবং জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে পেশাগত উন্নয়ন ঘটানো হয়েছে এ বিভাগ। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ ২০১৮ সাল থেকে ওবিই (আউটকাম বেজড এডুকেশন)-ভিত্তিক শিক্ষাক্রমের সঙ্গে যুক্ত আছে। এই কার্যক্রমের ১২টি লক্ষ্য ইউজিসি দ্বারা অনুমোদিত ও পরিচালিত।

ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজা বলেন, ‘ইউল্যাবের প্রাক্তন উপাচার্য ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিদ্যায়তনে ‘‘বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে’’র জন্ম। তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার প্রয়োগ ও ব্যবহারিক শিক্ষাদানের মাধ্যমে সামাজিক দায়িত্ববোধসম্পন্ন বিশ্ব নাগরিক গড়ে তুলতে কাজ করবে এ বিভাগ।’

বাংলা স্নাতকেরা যেসব ক্ষেত্রে দক্ষ হবে

বাংলা সাহিত্য, সাহিত্যের ইতিহাস ও সমালোচনা সাহিত্য পড়ার মাধ্যমে শিক্ষার্থীর সৃজনশীলতা বৃদ্ধি পাবে। তুলনামূলক সমালোচনা ও বিশ্লেষণী সমালোচনার ক্ষমতা তৈরি ও প্রয়োগের দক্ষতা বাড়বে। অনুবাদ ও বিশ্বসাহিত্য সম্পর্কে সুগভীর জ্ঞান অর্জন করবে। তথ্যপ্রযুক্তিতে মাতৃভাষার প্রয়োগ ও নান্দনিকতা বাড়বে। ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা তৈরি হবে। বানান সম্পাদনা (প্রুফ রিডিং), সম্পাদনা ও প্রকাশনাসংক্রান্ত বিষয়ে হাতে-কলমে শিখবে। শুদ্ধ উচ্চারণে প্রমিত বাংলা বলা, লেখা ও প্রয়োগে দক্ষ হবে। পাণ্ডুলিপি পাঠ, চলচ্চিত্র, চিত্রনাট্য, আবৃত্তি, বিজ্ঞাপন, নাটক তৈরির শিক্ষা পাবে।

ইউল্যাব প্রতি বছর প্রায় ১৫ কোটি টাকার মেধাবৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করে। মেধাবৃত্তি ছাড়াও স্টুডেন্ট হার্ডশিপ লোনের ব্যবস্থাও রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

ইউল্যাবের বাংলা বিভাগ সম্পর্কে বিস্তারিত জানা যাবে bbs.ulab.edu.bd. এই লিঙ্কে।