জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নতুন নম্বর বিভাজন প্রকাশ

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পরীক্ষার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সংশোধিত রেগুলেশন অনুযায়ী ৪, ৩ ও ২ ক্রেডিট কোর্সের জন্য ভিন্ন ভিন্ন সময়, নম্বর বণ্টন ও প্রশ্নপত্রের কাঠামো নির্ধারণ করে এ জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষা কাঠামোর এ নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

৪ ক্রেডিট কোর্সে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ধারাবাহিক মূল্যায়ন ২০ নম্বর এবং চূড়ান্ত পরীক্ষা হবে ৮০ নম্বরের। এই পরীক্ষার জন্য শিক্ষার্থীরা সময় পাবেন চার ঘণ্টা। প্রশ্নপত্রে পাঠ্যসূচির সব অধ্যায় অন্তর্ভুক্ত করে বিশ্লেষণধর্মী, ধারণাভিত্তিক, সংখ্যাগত ও সমালোচনামূলক বিস্তৃত প্রশ্ন থাকবে। মোট ১২টি প্রশ্নের মধ্যে শিক্ষার্থীদের আটটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন সর্বোচ্চ তিনটি উপ–প্রশ্নে ভাগ করা যাবে। প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর।

এ ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নের ২০ নম্বরের বিভাজন হবে এভাবে—অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন বা কুইজ পরীক্ষায় ৫, ক্লাসে উপস্থিতিতে ৫ ও দুটি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর হিসাবে ১০।

৩ ক্রেডিট কোর্সে মোট নম্বর ৭৫। এর মধ্যে ধারাবাহিক মূল্যায়ন ১৫ এবং চূড়ান্ত পরীক্ষা ৬০ নম্বরের। পরীক্ষার সময় তিন ঘণ্টা। প্রশ্নপত্রে পাঠ্যসূচির সব অধ্যায় থেকে বিস্তৃত প্রশ্ন থাকবে। মোট ৯টি প্রশ্নের মধ্যে ছয়টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন সর্বোচ্চ তিনটি উপ–প্রশ্নে বিভক্ত করা যাবে। প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর।

এই কোর্সে ধারাবাহিক মূল্যায়নের ১৫ নম্বরের মধ্যে অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন বা কুইজে ৪, ক্লাসে উপস্থিতিতে ৩ ও দুটি ইনকোর্স পরীক্ষার গড় হিসাবে ৮ নম্বর নির্ধারণ করা হয়েছে।

২ ক্রেডিট কোর্সে মোট নম্বর ৫০। এর মধ্যে ধারাবাহিক মূল্যায়ন ১০ এবং চূড়ান্ত পরীক্ষা ৪০ নম্বরের। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা। প্রশ্নপত্রে পাঠ্যসূচির সব অধ্যায় থেকে বিস্তৃত প্রশ্ন থাকবে। মোট ছয়টি প্রশ্নের মধ্যে শিক্ষার্থীদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন সর্বোচ্চ তিনটি উপ–প্রশ্নে ভাগ করা যাবে। প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর।

এই কোর্সে ধারাবাহিক মূল্যায়নের ১০ নম্বরের মধ্যে অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন বা কুইজে ৩, ক্লাসে উপস্থিতিতে ২ ও দুটি ইনকোর্স পরীক্ষার গড় হিসাবে ৫ নম্বর থাকবে।

*নম্বরপদ্ধতি দেখুন এখানে