বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানকে ভারতের জয়পুরের এনআইএমএস বিশ্ববিদ্যালয় গত সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন ও নেতৃত্বে মো. সবুর খানের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক এ ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে মেক্সিকো সিইটিওয়াইএস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ফার্নান্দো লিওন-গার্সিয়া, জর্জিয়ার ককেশাস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কাখা শেঙ্গেলিয়া ও ভারতের এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যাপক বলভীর এস তোমার–সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মো. সবুর খান ২০২৩-২৪–এর জন্য এশিয়া ও প্যাসিফিকের বিশ্ববিদ্যালয়গুলোর সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) ট্রেজারার-ইলেক্ট ও স্থায়ী কমিটির সদস্য এবং এইউএপির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান।
সমাবর্তন অনুষ্ঠানে প্রতিক্রিয়ায় ড. সবুর খান এই স্বীকৃতির জন্য এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ স্বীকৃতি শুধু একটি ব্যক্তিগত মাইলফলকই নয়; বরং এটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও শিক্ষায় উৎকর্ষ ড্রাইভিংয়ে সম্মিলিত প্রচেষ্টার একটি প্রমাণ। বিজ্ঞপ্তি