বেতন বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের শিক্ষকেরা

বেতন বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ৪ মে
ছবি: মোশতাক আহমেদ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা। ‘প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের’ ডাকে আজ বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষকেরা এ কর্মসূচি পালন করছেন। দুপুর পর্যন্ত চলবে এই কর্মসূচি।

বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা চাকরির শুরুতে ১৩তম গ্রেডে (মূল বেতন ১১ হাজার টাকা) এবং প্রধান শিক্ষকেরা ১১তম গ্রেডে বেতন পান। বেতন ও পদমর্যাদা বাড়ানোর জন্য প্রাথমিকের শিক্ষকেরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।

‘প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের’ সমন্বয়ক মু. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, আজ তাঁরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ কর্মসূচি পালন করছেন। এরপর দাবি আদায়ে তাঁরা আরও পদক্ষেপ নেবেন।

প্রাথমিকের শিক্ষকেরা বলছেন, এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে হলে ন্যূনতম শিক্ষকতা স্নাতক বা সমমানের হতে হয়। কিন্তু তাঁদের চেয়ে কম যোগ্যতা নিয়ে অন্যান্য কিছু সরকারি চাকরিতেই শুরুর বেতন বেশি। বর্তমানে তাঁরা যে বেতন পান, তা দিয়ে চলতে তাঁদের কষ্ট হয়। এ জন্য মেধাবীরা এই পেশায় এলেও থাকতে চান না। আসার পর সুযোগ পেলে অন্য পেশায় চলে যান। এ জন্য তাঁরা আশা করছেন সরকার তাঁদের দাবি মেনে নিয়ে প্রাথমিকের শিক্ষকতা পেশায় আরও মেধাবীদের আসার সুযোগ সৃষ্টি করে দেবে।