চিকিৎসক
চিকিৎসক

বেসরকারি মেডিক্যালের প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ, ৬১০ শিক্ষার্থী পেলেন সুযোগ

বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তিতে প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে মাইগ্রেশনের পর শূন্য আসনে সুযোগ পাওয়া ৬১০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির জন্য ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন দাখিলের পরিপ্রেক্ষিতে মেধা ও পছন্দের ভিত্তিতে নিয়মানুযায়ী কলেজ ভিত্তিক প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ১০ মার্চ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রকাশ করে ছিল। যাঁদের নিশ্চায়নের শেষ সময় ছিল ১৩ মার্চ ২০২৬। নির্ধারিত সময়ে ৬১০ জন প্রার্থী নিশ্চায়ন না করায় শূন্য থাকা আসনে দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ কার্যক্রম গ্রহণ করার লক্ষ্যে শূন্য আসনে প্রাথমিক নিশ্চায়নকারী প্রার্থীদের স্বয়ংক্রিয় মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা থেকে প্রার্থী নির্বাচন করা হয়েছে। প্রথমবার নিশ্চায়নকারী এবং অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত ৬১০ জন প্রার্থীর কলেজভিত্তিক তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হলো।

অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের নিশ্চায়নের সময়সীমা ১৮ থেকে ২০ মার্চ। কোনো প্রার্থী নির্ধারিত সময়ে যদি নিশ্চায়ন না করেন অর্থাৎ তাঁর বরাদ্দকৃত আসনটি নিশ্চিত না করেন, তাহলে বরাদ্দকৃত আসনটি শূন্য বলে ধরে নেওয়া হবে এবং মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে ভর্তির বিষয়টি নিশ্চায়ন না করায় তাঁকে পরবর্তী সময় বেসরকারি অন্য কোনো মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। প্রথমবার নিশ্চায়নকারী প্রার্থীদের আর কোনো নিশ্চায়নের প্রয়োজন নেই।

নিশ্চায়নের পদ্ধতি
টেলিটকের প্রিপেইড মোবাইল ফোনের Message অপশনে গিয়ে MBBSBDSNG লিখে, স্পেস দিয়ে User ID লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরণ: MBBSBDSNG FRLGCT টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে FRLGCT হলো ফরম পূরণ করে পাওয়া User ID। ফিরতি SMS-এ একটি PIN, প্রার্থীর নাম ও নিশ্চায়ন ফি হিসেবে ১০০ টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে।

সম্মতি দেওয়ার জন্য Message অপশনে গিয়ে MBBSBDSNG লিখে, স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরণ: MBBSBDSNG YES 456789 টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে 456789 হলো আগের ফিরতি SMS-এ পাওয়া PIN নম্বর। PIN নম্বরটি সঠিকভাবে লেখা হলে টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে নিশ্চায়ন ফি বাবদ ১০০ টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে ফিরতি SMS-এ আবেদন নিশ্চিত করা হবে।

*তালিকা দেখুন এখানে