সকালে সাইকেলে ছুটছে স্বপ্ন—স্কুলমুখী শিক্ষার্থীদের পদচিহ্নে মুখর থাকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। মুদিখানা, রংপুর
সকালে সাইকেলে ছুটছে স্বপ্ন—স্কুলমুখী শিক্ষার্থীদের পদচিহ্নে মুখর থাকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। মুদিখানা, রংপুর

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের ছুটি আসছে

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্চ্ছে। ছুটির তালিকা অনুযায়ী, ২৪ মে থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি–বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোয় এ ছুটি শুরু হবে। তবে শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী ২৪ মে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাসের পরেই লম্বা ছুটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে। ২২ ও ২৩ মে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি (ছুটির তালিকা) বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শিক্ষাপঞ্জি অনুসারে, সরকারি–বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোয় ২৪ মে ছুটি শুরু হবে। তবে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেষ ক্লাস বা কর্মদিবস।

ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে। এতে এসব পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।

অপর দিকে মাদ্রাসার শিক্ষার্থীরা আরও দীর্ঘ ছুটি পাচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোয় ২৪ মে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা ২৩ দিনের ছুটি পাচ্ছে।

এদিকে জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর জুলাইয়ে আবারও একটি সরকারি ছুটি রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে এক দিনের ছুটি থাকবে। এ ছাড়া আগস্টের ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার শোম্বা ও ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বরেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা–ই–ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।