ভারতে ৩২০০০ শিক্ষকের চাকরি বাতিলের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ

কলকাতা হাইকোর্ট
প্রথম আলো ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করা হবে ৪ মাস পরে। তবে এ চার মাস তাঁরা প্রাথমিক শিক্ষকের বেতনের বদলে পার্শ্বশিক্ষকের বেতন পাবেন। আপাতত সেই নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

২০১৬ সালের নিয়োগের মধ্যে থেকে ৩২ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল করা হয়। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিহারা শিক্ষকেরা। তাঁদের হয়ে মামলাটি লড়ছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশের পর তিনি বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে। আগামী ৪ মাস প্রাথমিক শিক্ষকের বেতনই পাবেন এই ৩২ হাজার শিক্ষক।

এদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে বলেছিলেন। ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি। ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছেন, নিয়োগপ্রক্রিয়া শুরু করার বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশমতোই কাজ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। নিয়োগপ্রক্রিয়ায় সবাই অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন উচ্চ আদালত। এদিকে চাকরি বাতিল না হলেও ৩২ হাজার শিক্ষককেও এই নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে হবে।

২০১৪ সালের টেট পরীক্ষার (শিক্ষক নিয়োগ পরীক্ষা) ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ দেওয়া হয়েছিল। সেখানে ৪২ হাজার ৫০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে থেকে ১২ মে ৩২ হাজার জনের চাকরি বাতিলের আদেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। যাঁদের চাকরি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা সবাই অপ্রশিক্ষিত শিক্ষক। তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের নিয়োগপ্রক্রিয়া শুরু হয় ২০১৬ সালে। ৯ বছর আগের সেই টেট পরীক্ষা এবং নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে আদালতে মামলা করেন বিজেপি নেতা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিসহ চাকরিবঞ্চিত প্রার্থীরা।

চাকরিপ্রার্থীদের অভিযোগ ছিল, ২০১৪ সালের টেট পরীক্ষার গাইডলাইনে বলা হয়েছিল, প্রশিক্ষিত ব্যক্তিরা (বিএড, ডিএলএড পাস) অগ্রাধিকার পাবেন। সেই হিসাবে ৪২ হাজার ৫০০ জন নিয়োগ পান। কিন্তু দেখা যায়, বহু প্রশিক্ষিত প্রার্থী চাকরি পাননি। মাত্র ৬ হাজার ৫০০ জন প্রশিক্ষিত এবং ৩২ হাজার জন অপ্রশিক্ষিত প্রার্থী চাকরি পান। অভিযোগ ওঠে, অর্থের বিনিময়ে চাকরি দেন ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, রাজ্যের শিক্ষা দপ্তরের কর্মকর্তা এবং প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের কর্মীরা।