
এমবিবিএস, বিএসসি ইঞ্জিনিয়ারিং ও নার্সিং শিক্ষায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ম বর্ষে ভর্তি হওয়া অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সহায়তা দেবে সরকার। ২৫ মে পর্যন্ত শিক্ষার্থীরা আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দেওয়া হবে এ সহায়তা। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা-২০২৫ অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসা (এমবিবিএস), বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিএসসি (নার্সিং) শিক্ষায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ম বর্ষ) অধ্যয়নরত অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের থেকে ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
নির্ধারিত আবেদন ফরম ও নির্দেশিকা ট্রাস্টের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ২৫ মে অফিস চলাকালে সরাসরি বা ডাকযোগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ বরাবর পাঠাতে হবে। বিশেষ সহায়তার জন্য হেল্পলাইন ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬। অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।