
ইসরায়েলের তেল আবিবে আয়োজিত কনসার্টে গান গাওয়ার কথা ছিল জনপ্রিয় মার্কিন ব্যান্ড দল ব্যাকস্ট্রিট বয়েজের। কিন্তু ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে চলমান সংঘাতের কারণে কনসার্ট বাতিল করেছে ব্যাকস্ট্রিট বয়েজ।
তেল আবিবের রা’আন্না অ্যাম্ফিথিয়েটারে ২৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল ব্যাকস্ট্রিট বয়েজের। কিন্তু সম্প্রতি তা বাতিল করেছে ব্যান্ড দলটি। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ইসরায়েলে কনসার্ট করবে ব্যাকস্ট্রিট বয়েজ। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টিএমজি।
এ প্রসঙ্গে ব্যাকস্ট্রিট বয়েজের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রথমবারের মতো ইসরায়েল সফরে যেতে চেয়েছিলাম আমরা। কিন্তু তা সম্ভব হচ্ছে না। এ জন্য ভক্তদের পাশাপাশি আমরা নিজেরাও অনেক হতাশ। আশা করছি, সামনে ইসরায়েলি ভক্তদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হবে আমাদের।’