
ফটোশুটে কণ্ঠের ক্ষতি!
শবনম ফারিয়া শুটিং স্পটে এসে দেখলেন একটু ঝামেলা হয়েছে। অসুস্থতার কারণে তাঁর সহশিল্পী আসতে পারেননি। শুটিং স্থগিত। কী করা যায়? দিনটাকে তো আর মাটি করে দেওয়া যায় না।
ফারিয়া একসময় শুধু মডেলিং করতেন। বিলবোর্ড আর স্থিরচিত্রের মডেল। অভিনয়ে নিয়মিত হওয়ার পর এই কাজে আর তেমন সময় দিতে পারেন না। এদিকে কয়েকটি ফ্যাশন হাউসের ঈদের পোশাকের মডেল হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ হলো। ফারিয়া বললেন, ‘দুই বেলায় তিনটি প্রতিষ্ঠানের শুট করেছি। কিন্তু কণ্ঠ বসে গেছে!’
সে কী! ফটোশুটের সঙ্গে কণ্ঠের সম্পর্ক কী? হাসলেন ফারিয়া। বললেন, ‘দ্রুত ফটোশুট আয়োজন করা হয়। ওখানে খুব ধুলা ছিল। ধুলার কারণে কাশি হয়। আমার অ্যালার্জির সমস্যা আছে। সব মিলিয়ে কণ্ঠ বসে যায়!’
স্নানহীন নয় দিন!
মজার ঘটনা পরে, আগে সিরিয়াস বচন! স্পর্শিয়া প্রথম অভিনয় করেন অরুণোদয়ের তরুণ দল টেলিছবিতে। গল্পটি একদল তরুণ-তরুণীকে নিয়ে। আর প্রথম কাজে তাঁকে সময় দিতে হয়েছিল টানা নয় দিন। তবে হাসি-আনন্দের মধ্য দিয়ে কেটেছিল সেই দিনগুলো।
স্পর্শিয়া বলেন, ‘প্রথম কাজ করছি, তাই তখন অন্যরকম আগ্রহ ছিল। তবে শুরুতেই টানা নয় দিন কাজ করেছি, এখন ভাবলেই আঁতকে উঠি। এই নয় দিন আমি গোসল করতে পারিনি! আউটডোর। তখন ছিল তীব্র শীত। সঙ্গে মানসিক চাপ। কাজ শেষ করে বাসায় ফিরে গোসল করেছিলাম!’