সাপুড়ে স্বাগতা!

ঘটনাটা বিউটিফুল বাংলাদেশ প্রামাণ্যচিত্রকে ঘিরে। ২০১৪ সালে প্রামাণ্যচিত্রটি যখন আবার তৈরি হয়, তখন এর বিষয় ছিল ‘ল্যান্ড অব রিভার’। নদীকে তুলে ধরতে নানা আয়োজন। পরিচালক গিয়াসউদ্দিন সেলিম স্বাগতাকে বললেন, সাপ নিয়ে অভিনয় করতে হবে। শুনে হালকা দমে গেলেন স্বাগতা। কিন্তু মুখে হাসি ধরে রেখে বললেন, ‘এটা কোনো ব্যাপার না।’ এরপর শুটিংয়ের সময় নৌকায় উঠে বসলেন। স্বাগতা প্রথমেই পরিকল্পনা করলেন সাপকে বশে আনতে হবে। স্বাগতা সাপ নিয়ে বসে পড়লেন। ঘড়ি ধরে তিন ঘণ্টা সাপকে হাতে নিয়ে বসে থাকলেন। এদিকে পরিচালক আর শুটিং ইউনিটের অন্যরা পানিতে। সাপের ভয়ে তাঁরা কেউ নৌকায় ওঠেন না!
স্বাগতা বললেন, ‘আসলে আমি সাপের বন্ধু হতে চেয়েছিলাম, যেন সে আমার সঙ্গে অভিনয় করে। পরিচালকও স্বীকার করবেন যে সেদিন সাপের অভিনয় ভালো হয়েছিল!’
বাঘের একটু ছোঁয়া!
সম্প্রতি মেন্টাল ছবির অভিনয়ের কাজে থাইল্যান্ড গিয়েছিলেন পড়শী। সেখানে ব্যাংককের এক চিড়িয়াখানায় পরিবারের অন্যদের সঙ্গে ঘুরতে যান তিনি। সঙ্গে আরও আছেন শুটিং ইউনিটের লোক। বাঘের খাঁচার সামনে গিয়ে পড়শীর আবদার, বাঘকে একটু ছুঁয়ে দেখবেন তিনি। একে তো ছবিতে গান গেয়েছেন আবার নিজের গানের সঙ্গে অভিনয় করতে এসেছেন ব্যাংককে। প্রথমে সবাই ‘না’ করলেও পরে তাঁর আবদার মেনে নিলেন। চিড়িয়াখানা কর্তৃপক্ষকে জানানো হলো। তারা পড়শীকে বাঘ ছোঁয়ার ব্যবস্থা করে। একটা বাঘ আনা হলো। এনে একেবারে পড়শীর কোলের ওপর দেওয়া হয় বাঘটি! এর পরের অবস্থা শোনা যাক পড়শীর কাছে, ‘আমার প্রাণ তখন যায় যায়! মাঝারি সাইজের আস্ত একটা বাঘ আমার কোলে! আমি একেবারে মূর্তি হয়ে গেলাম। মানসিক চাপ আর ভয়ে ঘেমে অস্থির। অবশ্য বাঘটি কোনো ক্ষতি করেনি।’