বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে আজ মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের নিরীক্ষাধর্মী নতুন নাটক ইতি ইয়োকাস্তে। সফোক্লিসের ‘ঈদিপাস’ অবলম্বনে এর নাট্যনির্মাণ করেছেন ও নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। কাল শনিবার একই মঞ্চে থাকছে ‘হ্যামলেট’ অবলম্বনে টু বি অর নট টু বি। এটির নাট্যনির্মাণ করেছেন ও নির্দেশনা দিয়েছেন মাসুদুজ্জামান।নিরীক্ষাধর্মী নাটক মঞ্চে আনা প্রসঙ্গে আরণ্যকের প্রধান সম্পাদক মামুনুর রশীদ বলেন, ‘দলের নতুন উদ্যোগ হিসেবে দুটি প্রযোজনা মঞ্চে আনা হচ্ছে—ইতি ইয়োকাস্তে ও টু বি অর নট টু বি। দলের অন্দরমহল প্রদর্শনী হিসেবে নাটকগুলো আমরা দেখেছি। আমরা চাই দর্শকও নাটকগুলো দেখুক।’মামুনুর রশীদ আরও জানান, একই দিনে প্রতিটি নাটকের দুটি প্রদর্শনী হবে। প্রথমটি সন্ধ্যা সাড়ে ছয়টায়, দ্বিতীয়টি রাত আটটায়।