
নব্বই দশকের সাড়া জাগানো চলচ্চিত্র ‘পদ্মা নদীর মাঝি’র প্রামাণ্য গ্রন্থ প্রকাশ করল ইমপ্রেস টেলিফিল্ম। এ উপলক্ষে চ্যানেল আই ভবনে ৭ নভেম্বর বৃহস্পতিবার এক জাঁকজমকপূর্ণ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করা হয় গতকাল সন্ধ্যায়।
ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে, প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রের পরিচালক গৌতম ঘোষ, প্রযোজক হাবিবুর রহমান খান, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ‘পদ্মা নদীর মাঝি’র অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ, চম্পা, প্রবীর মিত্র, রোজি সিদ্দিকী, আহসানুল হক মিনু, কেরামত মাওলাসহ চলচ্চিত্র, সংগীত ও টিভি ব্যক্তিত্বরা। এ সময় ছবির শিল্পীরা ‘পদ্মা নদীর মাঝি’তে সেই সময়কার অভিনয়ের বিভিন্ন স্মৃতিচারণা করেন।
অনুষ্ঠানে গৌতম ঘোষ এবং হাবিবুর রহমান খানকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফরিদুর রেজা সাগর। তিনি অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘এমন একটি চলচ্চিত্র আমরা আমাদের আর্কাইভে সংরক্ষণ করতে পেরে আনন্দিত।’ গৌতম ঘোষ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘ছবিটি দুই বাংলায় মুক্তি পেয়েছিল। কান চলচ্চিত্র উত্সবে প্রশংসিত হওয়ার পাশাপাশি অর্জন করেছে ইউনেসকো পুরস্কার। ছবিটির প্রামাণ্য গ্রন্থ প্রকাশিত হওয়ায় আমি নিজেকে সবচেয়ে গর্বিত মানুষ মনে করছি।’