স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রতিদিনই নতুন নতুন সিনেমা যোগ হচ্ছে। তবে সব কটি দর্শকদের মনে সমান আগ্রহ জাগাতে পারে না। গল্পের বৈচিত্র্য, তারকাদের উপস্থিতি আর ভিন্নধর্মী নির্মাণের কারণে কিছু চলচ্চিত্রই ভিউয়ের দৌড়ে এগিয়ে থাকে। অ্যাকশন, থ্রিলার, হরর থেকে রোমান্স—বিভিন্ন ঘরানার এমনই দর্শকপ্রিয় ৫টি সিনেমা, যেগুলো গতকাল রোববার পর্যন্ত নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা হয়েছে, একনজরে জেনে নেওয়া যাক।

১. ‘দ্য রিপ’
এ তালিকায় সবচেয়ে বেশি দেখা হয়েছে দ্য রিপ। সিনেমাটির আইএমডিবি রেটিং ৬.৮। একটি ঝুঁকিপূর্ণ অভিযানে জড়িয়ে পড়া পুলিশ দলের সদস্যদের মানবিক গল্প নিয়ে এই সিনেমা। এই অভিযানে সত্য উদ্ঘাটনই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সিনেমাটি গত ১৬ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায়। অভিনয় করেছেন ম্যাট ডেমন, বেন অ্যাফ্লেক প্রমুখ।
২. কিডন্যাপড: এলিজাবেথ স্মার্ট
দুই নম্বরে রয়েছে কিডন্যাপড: এলিজাবেথ স্মার্ট । বাস্তব ঘটনার ওপর নির্মিত এই তথ্যচিত্রে অপহরণের শিকার এক কিশোরীর বেঁচে ফেরার সংগ্রাম তুলে ধরা হয়েছে। এটি ২১ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায়। ১৪ বছরের এলিজাবেথ স্মার্টকে ঘিরেই এই তথ্যচিত্র। কিশোরী অপহরণের ঘটনাটি দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। এর আইএমডিবি রেটিং ৬.৭।
৩. ‘কে–পপ ডেমন হান্টার্স’
অস্কারে দুটি শাখায় মনোনয়ন পেয়েছে কে–পপ ডেমন হান্টার্স। অ্যানিমেশন সিনেমাটি তালিকার ৩ নম্বরে রয়েছে। কে-পপ তারকাদের দ্বৈত জীবন এতে তুলে ধরা হয়েছে। যাঁরা একদিকে মঞ্চের তারকা আর গোপনে দানব শিকারি। আইএমডিবি রেটিং ৭.৫।
৪. ম্যাক্স
তালিকায় ৪ নম্বরে রয়েছে ম্যাক্স। এক সাহসী কুকুর ও তার সঙ্গীর বন্ধুত্ব, দায়িত্ববোধ এবং বিপদের মুখে লড়াইয়ের আবেগঘন গল্প ঘিরেই এই অ্যানিমেল অ্যাডভেঞ্চার সিনেমা। ২০১৫ সালের ছবিটি নতুন করে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এর আইএমডিবি রেটিং ৬.৬।
৫. ট্রাপ
২০২৪ সালের সিনেমা ট্রাপ। সিনেমাটি হঠাৎ করেই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের কারণ এর গল্প। একটি রহস্যময় পরিস্থিতিতে আটকে পড়া মানুষদের ঘিরে তৈরি হয় টান টান উত্তেজনা। সাসপেন্স ও মনস্তাত্ত্বিক থ্রিলারটি শীর্ষ ৫ নম্বরে রয়েছে।