‘সারা জীবন আনন্দ দেওয়া মানুষগুলোকে শেষ দৃশ্যে কেন যে এভাবে কাঁদতে হয়’

ছবিটি পোস্ট করেছেন তৌসিফ মাহবুব
ছবি: ফেসবুক থেকে

ফুটবল বিশ্বকাপের মঞ্চে একে একে বিদায় বলছেন সময়ের সেরা তারকারা। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার ও লুকা মদ্রিচদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় আবেগ ছড়িয়ে দিয়েছে কোটি ভক্তের মতো দেশের শোবিজ অঙ্গনেও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় ফুটবল তারকাদের বিদায় জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনয়শিল্পীরা।

অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘একজন ফুটবলার হয়তো একদিন মাঠ ছাড়েন, কিন্তু একজন কিংবদন্তি কখনো হারিয়ে যান না। তাঁর ক্যারিয়ার শেষ হতে পারে, কিন্তু তাঁর উত্তরাধিকার, তাঁর মানসিকতা আর তাঁর অনুপ্রেরণা বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। ধন্যবাদ, ক্রিস্টিয়ানো রোনালদো। সম্মান চিরকাল।’

অর্চিতা স্পর্শিয়া

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া রোনালদো ও নেইমারের ভক্ত, দুই তারকার বিদায়ে সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ ও বিদায় দুই লিজেন্ড।’

ব্যাচেলর পয়েন্ট দিয়ে আলোচনায় আসা অভিনেতা জিয়াউল হক পলাশ বরাবরই নেইমারের ভক্ত। ব্রাজিল তাঁর পছন্দের দল। প্রিয় ফুটবলারের বিদায়ে তাঁর কষ্টও ফুটে উঠেছে ফেসবুক পোস্টে। তিনি লিখেছেন, ‘সারা জীবন আনন্দ দেওয়া মানুষগুলোকে শেষ দৃশ্যে কেন যে এভাবে কাঁদতে হয়।’

জিয়াউল হক পলাশ

শুধু খেলা দেখাই নয়, খেলাধুলাবিষয়ক নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনায় সরব অভিনেত্রী ও উপস্থাপক মৌসুমী মৌ। তিনিও একের পর এক তারকার বিদায়ে আবেগাপ্লুত। তিনি লিখেছেন, ‘একের পর এক তারকার বিদায়। কাল নেইমার, আজ রোনালদো, তার আগে লুকা মদ্রিচ। এই বিশ্বকাপটা যেন হারানোরই গল্প লিখছে।’

ছবিটি পোস্ট করেছেন বিপাশা কবির

অন্যদিকে ব্রাজিলের সমর্থক হলেও ক্রিস্টিয়ানো রোনালদোর খেলার ভক্ত অভিনেত্রী বিপাশা কবির। পর্তুগিজ তারকার বিদায়ে তিনি লিখেছেন, ‘সবই ঠিক আছে। আপনি বিশ্বকাপ ডিজার্ভ করেন। সেটা হয়তো অধরাই থেকে গেল।’

বিশ্বকাপের এই বিদায়গুলো শুধু একটি টুর্নামেন্টের সমাপ্তি নয়, ফুটবল ইতিহাসের একটি যুগেরও অবসান। আর সেই আবেগই এবার ছুঁয়ে গেছে দেশের তারকাদের।