
সিনেমাপ্রেমীদের জন্য ঈদ মানেই দ্বিগুণ খুশি! ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রিয় তারকাদের নতুন নতুন সিনেমা। কিন্তু তারপরও তাঁদের অবচেতনে থেকে যায় ছোট্ট একটা আক্ষেপ—প্রিয় তারকাদের মুখ থেকেই যদি জানা যেত সিনেমাটি নির্মাণের পেছনের গল্প!
এবার ঘুঁচবে সেই আক্ষেপ। প্রথম আলো ডটকমের আয়োজনে ‘ওয়ালটন ফ্যান তারার ঈদ’ অনুষ্ঠানে প্রিয় তারকারা শোনাবেন ঈদে মুক্তি পাওয়া নিজেদের অভিনীত সিনেমার গল্প।
পবিত্র ঈদুল আজহায় মুক্তির তালিকায় থাকা রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার গল্প শোনাবেন আফরান নিশো ও তমা মির্জা।
বন্ধন বিশ্বাসের পরিচালনায় সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’র গল্প বলবেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক। শবনম বুবলি ও মাহফুজ আহমেদ শোনাবেন চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমার গল্প।
এ ছাড়া সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম শোনাবেন সাইবার যুদ্ধ নিয়ে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমার গল্প। মুক্তিপ্রতীক্ষিত এই সিনেমা পরিচালনা করেছেন দীপংকর দীপন।
‘ওয়ালটন ফ্যান তারার ঈদ’ অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন পর্বে উপস্থাপক হিসেবে থাকবেন মৌসুমী মৌ, সারা ফ্যায়রুজ যাইমা। অনুষ্ঠানটির চারটি পর্ব প্রচারিত হবে ঈদের দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম আলো ডটকম, প্রথম আলোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।