
২০০ কোটি রুপি প্রতারণা মামলা থেকে পর্দা উঠল। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই মামলায় চার্জশিট দাখিল করেছে। চার্জশিট অনুযায়ী মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর দুই বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফতেহিকে কোটি কোটি রুপির উপহার দিয়েছিলেন।
ইডির চার্জশিট অনুযায়ী, জ্যাকুলিন ও নোরা স্বীকার করেছেন যে সুকেশ তাঁদের দামি সব উপহার দিয়েছেন। এই মূল্যবান উপহারের তালিকায় রয়েছে নামী সব ব্র্যান্ডের পোশাক, গয়না, জুতা ও ঘড়ির মতো জিনিস। দেশটির শীর্ষস্থানীয় একটি চ্যানেলের খবর অনুযায়ী সুকেশের সঙ্গে জ্যাকুলিনের পরিচয় তাঁর মেকআপশিল্পীর মাধ্যমে। জ্যাকুলিনের মেকআপশিল্পীকে সুকেশ ফোন করেছিলেন স্পুফিংয়ের মাধ্যমে। নিজের পরিচয় দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসেবে। সেখানেই শেষ নয়। সুকেশ চন্দ্রশেখর নিজেকে তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার আত্মীয় দাবি করেছিলেন। এমনকি এই প্রতারক জানিয়েছিলেন, তিনি সান টিভির স্বত্বাধিকারী।
সুকেশের সঙ্গে জ্যাকুলিনের প্রথম কথা হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হোয়াটস অ্যাপে। ফেব্রুয়ারি থেকে আগস্ট তাঁরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তখনো সুকেশ গ্রেপ্তার হননি। আর এই সময়ের মধ্যে জ্যাকুলিনকে প্রচুর উপহার পাঠিয়েছিলেন সুকেশ। রিপোর্ট অনুযায়ী, জ্যাকুলিনের জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছিলেন সুকেশ। জ্যাকুলিনের কথামতো এক চিত্রনাট্যকারকে টাকা দেওয়ার কথাও চার্জশিটে লেখা আছে। ওই চিত্রনাট্যকারের নাম অদ্ভেত কালা।
সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে দামি উপহার পাওয়ার কথা স্বীকার করেছেন জ্যাকুলিন। তিনি জানিয়েছেন, সুকেশ নিজের নাম শেখর রত্ন বলে জানিয়েছিলেন। এই বলিউড অভিনেত্রী আরও জানিয়েছেন, ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত সুকেশ তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু বারবার ব্যর্থ হওয়ার পর জ্যাকুলিনের মেকআপশিল্পীর সাহায্য নেন তিনি। জানিয়েছিলেন, জ্যাকুলিনের অন্ধ ভক্ত তিনি। তাঁকে নিয়ে দক্ষিণ ভারতীয় একটি ছবি বানাতে চান।
এই মামলার বিষয়ে বলিউডের আইটেম গার্ল নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। সেই জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে আসে, নোরাকে বিএমডব্লিউ গাড়ির ৫ সিরিজ উপহার হিসেবে দিয়েছিলেন সুকেশ। ইডি আরও জানতে পেরেছে যে সুকেশের স্ত্রী লীনা মারিয়া পালের সাহায্যে চেন্নাইয়ের এক চ্যারিটি ইভেন্টে অংশ নিয়েছিলেন নোরা। এ জন্য নোরাকে একটি আইফোন আর গুচির একটি ব্যাগ উপহার দিয়েছিলেন লীনা। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গেও নোরার ছিল বেশ ভালো যোগাযোগ।