কিয়ারা আদভানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কিয়ারা আদভানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

মা হওয়ার পর নিজেকে বাঘিনী মনে হয়

মাতৃত্ব জীবনের অনেক কিছুই বদলে দেয়—এই অভিজ্ঞতার কথা এবার খোলামেলা জানালেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। প্রথম সন্তানের জন্মের পর নিজেকে তিনি এখন ‘বাঘিনীর মতো’ মনে হয় বলে জানিয়েছেন।
২০২৫ সালে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার ঔরসে কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা। এরপর কিছুটা সময় পরিবার ও নবজাতককে ঘিরেই কাটালেও এবার আবার অভিনয়ে ফিরছেন তিনি।

মাতৃত্বের পর বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কিয়ারা আদভানি বলেন, মা হওয়ার পর তাঁর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেছে। তাঁর ভাষায়, ‘আমি এখন আরও সুরক্ষামূলক হয়ে উঠেছি। মনে হয়, আমি যেন এক বাঘিনী। জীবনকে এখন একেবারে ভিন্নভাবে দেখি—একদিকে মনে হয় কিছুই গুরুত্বপূর্ণ নয়, আবার একই সঙ্গে সবকিছুই গুরুত্বপূর্ণ।’
কিয়ারা জানান, সংসার ও সন্তানের যত্ন নিতে গিয়ে নিজের একটি ছোট্ট পৃথিবী তৈরি হয়েছে। তবে বিয়ের আগের মতোই স্বামী–স্ত্রীর সম্পর্কের আনন্দ ও বন্ধুত্ব এখনো অটুট রয়েছে। সিনেমা দেখা, ভ্রমণ—সবই আগের মতো চলছে।

কিয়ারা আদভানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘টক্সিক’ দিয়ে বড় পর্দায় ফেরা
মাতৃত্বের পর কিয়ারার বড় প্রত্যাবর্তন হতে যাচ্ছে ‘টক্সিক’ ছবির মাধ্যমে। ছবিটিতে দক্ষিণের জনপ্রিয় তারকা যশের সঙ্গে অভিনয় করছেন তিনি। এই ছবির মাধ্যমেই তেলেগু সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তাঁর।

কিয়ারা আদভানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

পরিচালকের চোখে কিয়ারা
ছবিটির পরিচালক গীতু মোহনদাস কিয়ারার প্রশংসায় ভাসিয়েছেন। তিনি জানান, ‘নাদিয়া’ চরিত্রটির জন্য প্রথম থেকেই কিয়ারাই ছিলেন তাঁর একমাত্র পছন্দ। তাঁর মতে, কিয়ারার অভিনয়ে একসঙ্গে কোমলতা ও তীব্রতা—দুটি দিকই ফুটে ওঠে, যা চরিত্রটির জন্য অপরিহার্য।

পরিচালক আরও বলেন, কিয়ারা শুধু নির্দেশনা অনুসরণ করেন না; বরং চরিত্র নির্মাণের পুরো প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেন। তাঁর নিষ্ঠা প্রকাশ্য নয়, বরং নীরব, শৃঙ্খলাবদ্ধ এবং গভীর।

সীমা ছাড়ানোর অভিজ্ঞতা
‘টক্সিক’ ছবির চরিত্রটি কিয়ারাকে শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে জানান পরিচালক।
তাঁর ভাষায়, ক্যামেরার সামনে কিয়ারা শুধু অভিনয় করেননি, বরং চরিত্র হয়ে উঠেছিলেন। একজন অভিনেত্রী যখন পুরোপুরি গল্পের ভেতরে ডুবে যান, তখনই তৈরি হয় সত্যিকারের সিনেমার জাদু।

প্রথমে ছবিটি মার্চে মুক্তির কথা থাকলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে মুক্তির তারিখ পিছিয়ে জুনে নেওয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে