‘লগান’ সিনেমায় র‍্যাচেল শেলি ও আমির খান
‘লগান’ সিনেমায় র‍্যাচেল শেলি ও আমির খান

২২ বছর পর ‘লগান’ অভিনেত্রীর অন্য রকম ফেরা

‘লগান’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। আমির খান, গ্রেসি সিংয়ের মতো এলিজাবেথ রাসেল চরিত্রে র‍্যাচেল শেলির অভিনয়ও মন কেড়েছিল ভক্তদের। পর্দায় ক্রিকেট শেখাতে গিয়ে আমির খানের প্রেমে পড়ে যান। তবে ২০০১ সালে মুক্তি পাওয়া ছবিটির পর আর ভারতীয় সিনেমায় দেখা যায়নি তাঁকে। নতুন খবর, ২২ বছর পর আবার ভারতীয় প্রযোজনায় অভিনয় করেছেন র‍্যাচেল। খবর বলিউড হাঙ্গামার
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘কোহরা’-এর ট্রেলার। এ সিরিজেই অভিনয় করেছেন র‍্যাচেল। এতে আরও আছেন বরুণ সোবতি, বরুণ বাডোলা, হারলিন শেঠি, সুবিন্দর ভিকি ও মনীশ চৌধুরী। সুদীপ শর্মা, রণদীপ ঝা ও ক্লিন স্লেট ফিল্মসের প্রযোজনায় সিরিজটি তৈরি হয়েছে মানব চরিত্রের নানা দিক নিয়ে।

সিরিজটিতে র‍্যাচেলের অভিনয় নিয়ে পরিচালক সুদীপ শর্মা বলেন, ‘আমি সিরিজটির জন্য যুক্তরাজ্যের কোনো অভিনেত্রীকেই চেয়েছিলাম। মুম্বাইতে যেসব বিদেশি শিল্পী কাজ করেন, তাঁদের দিয়ে কাজ চালাতে চাইনি। এভাবেই র‍্যাচেলকে নিয়েছি।’
পরিচালক আরও বলেন, পেশাদার বিদেশি অভিনয়শিল্পী নেওয়া খুবই ব্যয়বহুল। র‍্যাচেলকে নেওয়ার বড় কারণ অবশ্যই ‘লগান’ ছবিতে তাঁর কাজ। তিনি দুর্দান্ত এক অভিনেতা।’

‘লগান’ সিনেমায় র‍্যাচেল শেলি

‘কোহরা’-এর গল্প শুরু হয় এক প্রবাসী ভারতীয়র মৃত্যুর ঘটনা নিয়ে। ওই ঘটনার প্রভাব, মৃত্যুর কারণ নিয়ে সংশয় ও গোপন সত্যের উন্মোচনকে ঘিরে এগিয়ে যায় গল্প।
১৫ জুলাই থেকে সিরিজটি দেখা যাবে নেটফ্লিক্সে।

র‍্যাচেল শেলি