জেনিফার উইনগেট। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
জেনিফার উইনগেট। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল, সত্যি কি বিয়ে করছেন জেনিফার

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইনগেট। হিন্দি মেগা সিরিয়ালে তাঁর অভিনয় বরাবর দর্শক উপভোগ করে। করণের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জেনিফারের ব্যক্তিগত জীবন নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। তবে এরপর পার হয়েছে বহু বছর। হঠাৎই বিয়ে নিয়ে নতুন করে চর্চায় অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি রিল ঘিরেই জেনিফারের নতুন জার্নি নিয়ে জল্পনার সূত্রপাত। অভিনেত্রীর একটি মন্তব্যে গুঞ্জন আরও জোরাল হয়েছে। কী এমন বলেছেন জেনিফার, যা এই মুহূর্তে হয়ে উঠেছে বিনোদনের অন্যতম আলোচিত বিষয়। একটি ওয়েডিং কোরিওগ্রাফি রিলে মিস্ট্রি ম্যানের সঙ্গে জমিয়ে নাচছে একদল নারী। সেখানেই মজার ছলে লিখেছেন, ‘একটা ইন্ট্রো লেসন চাই।’ ব্যস, তারপরই সোশ্যাল মিডিয়ায় জেনিফারের বিয়ে নিয়ে গুঞ্জন। তবে অভিনেত্রীর মজার মন্তব্য যে ভক্তমহলে ছাপ ফেলেছে, সে কথা বলার অপেক্ষাই রাখছে না।

আসলে রিলের ক্যাপশনে লেখা ছিল, ‘আপনার বিয়ের জন্য এমন কিছু চান? যদি মনে হয় তাহলে মন্তব্য বক্সে ডান্স লিখবেন। আমি আপনাকে ইন্ট্রো লেসন দিয়ে দেব।’ সেখানেই কমেন্ট করে যেন ফ্যাসাদে পড়ে গেছেন জেনিফার! একটা সামান্য মন্তব্য এত বড় আকার ধারণ করবে, সেই আঁচ বোধ হয় নিজেও করতে পারেননি জেনিফার উইনগেট।

জেনিফারের এই মন্তব্যের পরই অনুরাগীদের অনুমান, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। সে জন্য নাচের ইন্ট্রো নিয়ে চিন্তিত। জেনিফারের মন্তব্যের পরই মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই নাচের ভিডিও। কমেন্ট বক্স জুড়ে প্রশ্নের বন্যা বইছে। প্রত্যেকের প্রশ্ন একটাই—জেনিফার সত্যিই বিয়ে করছেন?

জেনিফার উইনগেট। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বিয়ের প্রস্তুতির জন্যই ওয়েডিং ফটোগ্রাফারকে ফলো করছেন জেনিফার, এমনটাই মনে করছেন অভিনেত্রীর অনুসারীরা। সিঙ্গাপুর নিবাসী উইলিয়াম ইসমাইলের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন জেনিফার। তাঁদের প্রেম নিয়ে চর্চাটাও অনেক দিনের। যদিও ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে চান অভিনেত্রী।

২০১২ সালের ৯ এপ্রিল করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। একসঙ্গে কাজ করতে গিয়েই পরস্পরের কাছাকাছি আসেন। কিন্তু ২০১৪ সালে ভেঙে যায় দাম্পত্য। এরপর অভিনেত্রী বিপাসা বসুর সঙ্গে ২০১৬ সালে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেন করণ।

করণের সঙ্গে বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে জেনিফার বলেছিলেন, ‘আমার আলাদা হওয়ার বিষয়টা সবার সামনে চলে এসেছিল অথচ আমি তখন সোশ্যাল মিডিয়াতেই ছিলাম না। আমাদের সম্পর্কে অনেকে অনেক খারাপ কথা বলছিল। বিষয়টা আমাদের দুজনের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের মতো ছিল। সময়টা খুব কঠিন ছিল, নিজেকে সামলাতে অনেকটা সময় লেগেছিল। তবে কাজই আমাকে আবার জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছিল।’

জেনিফার উইনগেট। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

জেনিফারের সঙ্গেও নাম জড়িয়েছে ‘দিল মিল গ্যায়ে’র সহ–অভিনেতা করণ ওয়াহির। যদিও অভিনেতা এ ধরনের গুঞ্জন উড়য়ে ‘সস্তা প্রচার’ বলে ফুঁসে উঠেছিলেন। সেই সঙ্গে সাফ জানিয়ে দেন, তাঁরা ভালো বন্ধু ব্যতীত আর কিছু নয়। তবে রিল ভিডিওতে মন্তব্যের পর সিঙ্গাপুরভিত্তিক উইলিয়াম ইসমাইলের সঙ্গে জেনিফারের প্রেমচর্চা সোজা পৌঁছে গেছে বিয়ের জল্পনায়।

জেনিফার উইনগেট তাঁর অভিনয়জীবনে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। ঝুলিতে রয়েছে ‘কসৌটি জিন্দেগি কে’, ‘কুসুম’, ‘দিল মিল গ্যায়ে’সহ বহু মেগা। ওটিটি প্ল্যাটফর্মে ‘কোড এম’–এর মতো প্রজেক্টেও কাজ করেছেন জেনিফার।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে