
‘ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’ জিতেছে বাংলাদেশের নির্মাতা আফরোজা হোসেইনের ‘সং অব ঝিনুক’। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-এর অংশ হিসেবে ১৫ জানুয়ারি আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারিতে শুরু হয় ‘ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’। চার দিনব্যাপী এই কর্মশালার শেষ দিন ১৮ জানুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে দ্বিতীয় স্থান লাভ করেছে নেপালের নিজাম ভান্ডারির ‘মেসেঞ্জার অব দ্য গডস’ ও তৃতীয় স্থান অর্জন করেছে ভারতের ঋত্বিক গোস্বামীর ‘স্বর্ণপুচ্ছি’।
পুরস্কার হিসেবে বিজয়ীরা যথাক্রমে ৫, ৩ ও ২ হাজার মার্কিন ডলার পাবেন। দক্ষিণ এশিয়া থেকে এই চিত্রনাট্যে ল্যাবে অংশগ্রহণের জন্য জমা পড়েছিল ৬২টি প্রকল্প। এগুলোর মধ্য থেকে ৫ সদস্যের জুরিবোর্ড ৪টি দেশের ১০টি প্রকল্প নির্বাচন করেন। এ প্রকল্পগুলোর মধ্যে ছিল ভারতের ৪টি, বাংলাদেশের ৩টি, শ্রীলঙ্কার ২টি ও নেপালের ১টি প্রকল্প। বাংলাদেশের নির্বাচিত তিনটি প্রকল্প হচ্ছে আফরোজা হোসেইনের ‘সং অব ঝিনুক’, জায়েদ সিদ্দিকীর ‘ন্যাক্রোফিল’ এবং লাবনী আশরাফির ‘ভুলে যাওয়া স্বপ্নের রূপকথা’।
‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মেন্টরিং ও পিচিং প্ল্যাটফর্ম। নির্বাচিত এ প্রকল্পগুলো এ উৎসবের স্ক্রিনপ্লে ল্যাবে অংশ নিয়ে দক্ষিণ এশীয় ফিল্ম মার্কেট, ফিল্ম হাট-এ তাঁরা তাঁদের প্রকল্পগুলো উপস্থাপন করেছেন। অর্থায়নের জন্য প্রযোজক ও পরামর্শদাতাদের সঙ্গে দেখা করে এই প্রকল্পগুলোয় নিজেদের ধারণাগুলো বিকাশের পরামর্শ পান তাঁরা।
আজকের এ ল্যাবে উপস্থিত ছিলেন জুরিবোর্ডের সদস্য নরওয়ের চলচ্চিত্র প্রযোজক ও গাইডা ভেলভিন মাইকেলবাস্ট, ৪৭তম স্টুডেন্ট একাডেমি অ্যাওয়ার্ড ফাইনালিস্ট এবং ক্রোয়েশিয়ার চলচ্চিত্র প্রযোজক ডালিয়া অ্যালিক, বুলগেরিয়ার চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও সাংবাদিক ইয়ানা লেকারস্কা, বাংলাদেশের চলচ্চিত্রকর্মী ও নির্মাতা এন রাশেদ চৌধুরী আর চলচ্চিত্র নির্মাতা ও সম্পাদক সামীর আহমেদ।
এ ছাড়া এ আয়োজনে মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন এনএফডিসির সাবেক এমডি নীনা লাথ গুপ্ত, পরিচালক মোস্তফা সারওয়ার, ফরাসি চিত্রনাট্যকার ও পরিচালক পিয়ের ফিলমন, ইরানি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার পৌরান দেরখ শানদেহ।