আত্মহত্যা করা সেই অভিনেত্রীর শরীরে পাওয়া গেল অজানা তরল পদার্থ

আকাঙ্ক্ষা দুবে
ইনস্টাগ্রাম

গত সপ্তাহে বেনারসের একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছিল ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত মরদেহ। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছিল আত্মহত্যা করেছেন আকাঙ্ক্ষা। সবাই আত্মহত্যা বললেও অভিনেত্রীর মা অভিযোগ করছিলেন তাঁর মেয়েকে খুন করা হয়েছে। খুন নাকি আত্মহত্যা, তা জানতে সবাই অপেক্ষা করছিলেন ময়নাতদন্তের রিপোর্টের জন্য।

এবার সামনে এল অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী আকাঙ্ক্ষার হাতের কবজিতে পাওয়া গেছে আঘাতের চিহ্ন।

তাঁর শরীরে খাবার, পানীয় বা অ্যালকোহল জাতীয় কোনো কিছু পাওয়া যায়নি। তবে অভিনেত্রীর পেটে মিলেছে বাদামি রঙের অজানা তরল পদার্থের উপস্থিতি। এ ছাড়া অভিনেত্রীর পেটের মিউকাস মেমব্রেন বন্ধ হয়ে গিয়েছিল। খবর ইন্ডিয়া টুডের

আকাঙ্ক্ষা দুবের মৃত্যুর ঘটনার পর ভোজপুরি গায়ক সামার সিং ও তাঁর ভাই সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন আকাঙ্ক্ষার মা। পাশাপাশি তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও চিঠিতে লিখেছেন, তাঁর মেয়ে আত্মহত্যা করেননি। তাঁকে খুন করা হয়েছে। অভিনেত্রীর চাচা ও চাচিরও অভিযোগ, বহুদিন ধরে সামার সিং ও তাঁর ভাই সঞ্জয় সিং অভিনেত্রীকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন। এমনকি অনেক বড় অঙ্কের টাকাও নাকি দাবিও করেছিলেন তাঁরা।

‘মেরি জং মেরা ফয়সলা’ ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হয়েছিল ভোজপুরি এই অভিনেত্রীর। তারপর ‘মুঝসে শাদি কারোগি’, ‘বীরো কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পয়দা করনে কি ২’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সিনেমায় অভিনয় করার পাশাপাশি টিকটকেও জনপ্রিয় ছিলেন ২৬ বছর বয়সী আকাঙ্ক্ষা।