
গত বছর ‘লাল সিং চাড্ডা’র বক্স অফিসে ভরাডুবির পর থেকেই অভিনেতার পরের ছবি নিয়ে জল্পনার শুরু। কারণ, অতীতে ব্যর্থ হলেও পরের ছবি দিয়ে তা পুষিয়ে দিয়েছেন আমির খান। তবে ভক্ত-অনুসারীদের হতাশ করে নতুন ছবির ঘোষণা দেওয়ার বদলে অভিনয় থেকে বিরতি নেওয়ার কথা বলেন আমির। তাই যেকোনো অনুষ্ঠানে হাজির হলেই আমিরের কাছে অবধারিত প্রশ্ন থাকে, ‘কবে অভিনয়ে ফিরছেন?’ সম্প্রতি এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছেন অভিনেতা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
আমির খানের পরের ছবি হওয়ার কথা ছিল ‘চ্যাম্পিয়ন’। কিন্তু বিরতির ঘোষণার সময় অভিনেতা জানান, ছবিটিতে অভিনয় করবেন না তিনি। থাকবেন প্রযোজকের ভূমিকায়।
সম্প্রতি মুম্বাইতে একটি পাঞ্জাবি সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন আমির। সেখানে অভিনয়ে ফেরা নিয়ে প্রশ্ন করতেই আমির বলেন, ‘সবার যেহেতু অভিনয়ে ফেরা নিয়ে এত কৌতূহল; দ্রুত বিষয়টি বলে দিই, আমি এখনো নতুন কোনো ছবির প্রস্তাবে হ্যাঁ বলিনি। এখন কেবল আমি পরিবারের সঙ্গেই সময় কাটাতে চাই। সময়টা আমি দারুণ উপভোগ করছি। আমি কেবল তখনই অভিনয়ে ফিরব, যখন মানসিকভাবে প্রস্তুত হব।’
অভিনয়ে ফেরার সম্ভাব্য সময়ও জানাননি আমির। তবে আমির এখন না চললেও তাঁকে অভিনয়ে ফেরাতে জোর তৎপরতার কথা শোনা যাচ্ছে।
এর আগে ভারতীয় অনলাইন গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছিল, আমির খানকে নিয়ে অ্যাকশনধর্মী সিনেমার পরিকল্পনা করছে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস।
এ ছাড়া গত সপ্তাহে সালমান খানের অ্যাপার্টমেন্ট গ্যালাক্সিতে এক ঘরোয়া পার্টিতে মিলিত হয়েছিলেন আমির, শাহরুখ ও সালমান। ভোর চারটা পর্যন্ত চলেছিল পার্টি। জানা গেছে, ওই পার্টিতে নিজেদের তিন দশকের ক্যারিয়ারের স্মৃতিচারণা করেন তিন খান। সাফল্যের পাশাপাশি কথা হয় ব্যর্থতা নিয়েও। পার্টিতে আমিরকে বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরে আসার জন্য রাজি করানোর চেষ্টা করেছেন শাহরুখ ও সালমান। এমনকি বিভিন্ন গণমাধ্যমের খবর এসেছে, আমির নাকি শাহরুখ ও সালমানকে একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তবে সম্প্রতি মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালমান ও শাহরুখের সঙ্গে সাক্ষাৎ নিয়ে কিছু জানাননি আমির।