‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায় রাশমিকা মান্দানা। আইএমডিবি
‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায় রাশমিকা মান্দানা। আইএমডিবি

আগে আমাকে ট্রল করত, এখন পুরস্কার দিচ্ছে: রাশমিকা

তেলেঙ্গানার গদ্দার ফিল্ম অ্যাওয়ার্ডসের মঞ্চে দাঁড়িয়ে এক অন্য রকম মুহূর্তের সাক্ষী থাকল দর্শক। সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে নিয়ে রাশমিকা মান্দানা ফিরে দেখলেন নিজের পথচলা—যেখানে প্রশংসার চেয়ে ট্রলিংই ছিল বেশি আলোচিত।
রাশমিকা বলেন, ‘একসময় আমার অভিনয় নিয়ে মানুষ মজা করত, ট্রল করত। আর আজ সেই রাজ্যই আমাকে এই সম্মান দিল।’ তাঁর এই বক্তব্যে যেমন ছিল আত্মবিশ্বাস, তেমনি ছিল দীর্ঘ সংগ্রামের প্রতিফলন।

‘প্রিয় মুখ’ থেকে ‘রাজ্যের পুত্রবধূ’
সম্প্রতি বিজয় দেবারকোন্ডার সঙ্গে বিয়ের পর এই প্রথম বড় কোনো অনুষ্ঠানে যোগ দেন রাশমিকা। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আগে আমি আপনাদের সামনে মেয়ের মতো আসতাম, আর আজ আমি এই রাজ্যের পুত্রবধূ হিসেবে দাঁড়িয়েছি।’
এই ব্যক্তিগত রূপান্তরকে রাশমিকা গর্বের সঙ্গেই গ্রহণ করেছেন। বিশেষ করে তেলেঙ্গানার দর্শকদের সঙ্গে তাঁর সম্পর্ক যে আরও গভীর হয়েছে, সেটিই বোঝাতে চেয়েছেন এ কথায়।

‘দ্য গার্লফ্রেন্ড’ দিয়ে পুরস্কার
রাশমিকা ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবিতে ভূমা দেবী চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন। চরিত্রটি তাঁর কাছে বিশেষ আবেগের। নিজের ভাষায়, ‘এই চরিত্র আমার হৃদয়ের খুব কাছের।’ অনেক বছর ধরে তাঁর অভিনয় নিয়ে নানা সমালোচনা হয়েছে; কিন্তু ঠিকই পর্দায় জবাব দিয়েছেন রাশমিকা।

বিবাহোত্তর সংবর্ধনায় রাশমিকা ও বিজয়। ইনস্টাগ্রাম থেকে

কী আছে এই ছবিতে
গত বছরের আলোচিত ‘দ্য গার্লফ্রেন্ড’ দিয়ে পুরস্কার পেয়েছেন রাশমিকা মান্দানা। মুক্তির পর থেকেই সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে সিনেমাটি। রাহুল রবীন্দ্রনের ‘দ্য গার্লফ্রেন্ড’ কোনো রাখঢাক না করা ছবি, তবে প্রচলিত সম্পর্কধর্মী ছবির মতো চড়া আবেগ বা অতিনাটকীয়তার পথে হাঁটে না এটি। বরং নানা ব্যস্ততা আর দৃশ্যের ভিড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু সত্যকে আমাদের সামনে তুলে ধরে।
ছবির পটভূমি খেলাপাগল ও আত্মবিশ্বাসী ইঞ্জিনিয়ারিং ছাত্র বিক্রম (ধীক্ষিত শেঠি) এবং ইংরেজি সাহিত্যের এক লাজুক ছাত্রী ভূমার (রাশমিকা মান্দানা) প্রেম। তরুণ বয়সের ভালোবাসার উচ্ছ্বাস, একসঙ্গে সিনেমা দেখা, লাঞ্চ ভাগাভাগি—এসব মুহূর্তের ভেতরেই লুকিয়ে থাকে কিছু কদর্য সত্য, যা হয়তো আমাদের অনেকের সম্পর্কেই আছে। নির্মাতা সেই লুকিয়ে রাখা অস্বস্তিকর সত্যকে তুলে এনেছেন নিজের মতো করে। তবে পরিচালক এসব সত্য জোর করে দর্শকের ওপর চাপিয়ে দেন না, বরং আমাদেরই সেগুলো কুড়িয়ে নিতে বলেন।

‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

ছবিটি মূলত দুটি চরিত্রকে ঘিরে—ভূমা ও বিক্রম। এই সিদ্ধান্ত যে কেন নেওয়া হয়েছে, তা স্পষ্ট। পরিচালক সময় নিয়ে দেখান, কীভাবে এই দুজনের মনোজগৎ কাজ করে। তাঁরা কেবল বহির্মুখী প্রেমিক ও অন্তর্মুখী প্রেমিকার চেনা ছকে আটকে থাকেন না, বরং তাঁদের ব্যক্তিত্বের গভীরতা অন্বেষণ করেন।

সিনেমাটিতে নারীদের সম্পর্ক ভাঙার সিদ্ধান্তের জন্য আলাদা করে যুক্তি দাঁড় করাতে বাধ্য করা হয় না—বিশেষ করে যখন পুরুষটি স্পষ্টতই ভুল। নারী সিদ্ধান্ত নিয়েছে সম্পর্ক রাখবে না, এটাই যথেষ্ট কারণ হওয়া উচিত। আর ‘দ্য গার্লফ্রেন্ড’ ঠিক সেটাই বলে।

ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়
বিয়ের পর প্রথম উৎসব ‘উগাদি’ উদ্‌যাপন করে সরাসরি পুরস্কার নিতে আসেন রাশমিকা। তিনি জানান, নতুন জীবনের শুরু, নতুন সম্পর্ক—সব মিলিয়ে সময়টা তাঁর কাছে ভীষণ আবেগঘন।

এই আয়োজনেও ছিল তারকাদের ভিড়। চিরঞ্জিবী পেয়েছেন এনটিআর ন্যাশনাল অ্যাওয়ার্ড আর নাগা চৈতন্য হয়েছেন সেরা অভিনেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে