
ছোট পর্দা থেকে মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী প্রাচী দেশাই। কসম সে ধারাবাহিক তাঁকে তারকাখ্যাতি দিয়েছিল। ২০০৮ সালে ফারহান আখতারের রক অন ছবি দিয়ে বলিউড ক্যারিয়ার শুরু করেছিলেন এই টেলি নায়িকা। সম্প্রতি ফরেনসিক ছবিতে অভিনয় করে সাড়া ফেলেছেন। তবে নিজের ইমেজের বাইরে এই চরিত্রে অভিয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি এই বলিউড অভিনেত্রী।
চিত্র সমালোচকদের মতে, প্রাচীর মুখে এক অদ্ভুত সরলতা আর পাশের বাড়ির মেয়ের ইমেজ লুকিয়ে আছে। অথচ প্রাচীর এই শান্তশিষ্ট, মিষ্টি ইমেজই একসময় তাঁর ক্যারিয়ারের বাধা হয়ে দাঁড়িয়েছিল।
এ প্রসঙ্গে প্রাচী এক সাক্ষাৎকারে অভিমানের সুরে বলেছেন, ‘অনেক সময় আমার সৌন্দর্যই আমার কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফরেনসিক ছবিতে আমি যে চরিত্রে অভিনয় করেছি, আগে তা আমার জন্যই ভাবা হতো না। সব সময় নির্মাতারা মনে করতেন, আমার মুখটা একটু বেশি মিষ্টি, আর আমাকে নরম স্বভাবের দেখতে। তাই আমাকে অনেক ছবি থেকে বাদ পড়তে হয়েছে।
কিন্তু তাঁরা কখনোই ভাবেননি যে আমার এই নিষ্পাপ সৌন্দর্য কীভাবে কাজে লাগানো যায়। অবশেষে ইন্ডাস্ট্রিতে ক্রশ-কাস্টিং এসেছে, যা সত্যি প্রশংসনীয়।’
প্রাচী আরও বলেছেন, ‘ফরেনসিক–এর আগে আমি এক ছবিতে অন্য রকম চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমাকে নির্মাতাদের পক্ষ থেকে একজন জানান যে পরিচালক মনে করেন, এই চরিত্রের জন্য আমি বেশিই সুন্দর। তাই আমাকে ওই চরিত্রে নেওয়া যাবে না। আমি সেই পরিচালককে ধন্যবাদ জানাতে চাই। আর আমি খুশি কারণ, তাঁরা আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেননি। তাঁরা মনে করেননি যে আমার মধ্যে প্রতিভা কম আছে; বরং তাঁরা মনে করেছেন, আমি বেশি সুন্দর। তাই আমি এটাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে নিয়েছি।’
প্রাচী জীবনে চলার পথে নানা প্রতিবন্ধকতা সম্পর্কে বলেছেন, ‘জীবনের প্রতিটা পর্যায়ে কোনো না কোনো বাধা আসতেই থাকবে। আর সেই বাধা প্রতিহত করে আমাদের এগিয়ে যেতে হবে।’
ওটিটিতে নানান পরীক্ষামূলক কাজের প্রসঙ্গে প্রাচী বলেছেন, ‘আমি সব সময় ফরেনসিক-এর মতো চরিত্রে অভিনয় করতে চেয়ে এসেছি। এ ধরনের নেতিবাচক চরিত্র আমি খুব উপভোগ করেছি। এই চরিত্রে অভিনয়ের জন্য যত চ্যালেঞ্জ এসেছে, তা-ও আমি উপভোগ করেছি।’
সদ্য জি-ফাইভে মুক্তি পেয়েছে থ্রিলারধর্মী ছবি ফরেনসিক। এই ছবিতে প্রাচী ছাড়া আছেন বিক্রান্ত ম্যাসি আর রাধিকা আপ্তে। ফরেনসিক ছবিতে প্রাচীকে এক ঠান্ডা মাথার ক্রমিক খুনির চরিত্রে দেখা গেছে।